Shah Rukh Khan: যা করতে কালঘাম ছুটেছিল খোদ কিং খানের, এক চুটকিতে সেটাই করে দেখালেন মেয়ে সুহানা! অবাক শাহরুখ | SRK Shocked by Daughter Suhana Khan's Latest Video, Says 'It Was So Difficult For Me...' - 24 Ghanta Bangla News
Home

Shah Rukh Khan: যা করতে কালঘাম ছুটেছিল খোদ কিং খানের, এক চুটকিতে সেটাই করে দেখালেন মেয়ে সুহানা! অবাক শাহরুখ | SRK Shocked by Daughter Suhana Khan’s Latest Video, Says ‘It Was So Difficult For Me…’

Spread the love

বাবার নাকি কালঘাম ছুটে গিয়েছিল শুটিংয়ে। আর মেয়ে কি না এক চুটকিতে সেটা গেয়ে ফেলল! হ্যাঁ, কথা হচ্ছে খোদ বলিউডের বাদশা শাহরুখ খান এবং তাঁর মেয়ে সুহানাকে নিয়ে। সম্প্রতি ‘কিং’ ছবির নতুন গান ‘তু মিল জায়ে’-তে পপ তারকা এড শিরানের গাওয়া সুপারফাস্ট র‍্যাপে একটি দারুণ রিল বানিয়েছেন শাহরুখ-কন্যা। আর মেয়ের এই অনায়াস দক্ষতা দেখেই চক্ষু চড়কগাছ স্বয়ং কিং খানের!

গত ২ নভেম্বর, শাহরুখের ৬১তম জন্মদিনে মুক্তি পেয়েছে তাঁর আসন্ন মেগা প্রজেক্ট ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’। আর এই গানেই এড শিরানের দ্রুত লয়ের ইংরেজি অংশে একটি ফাটাফাটি মেকআপ ট্রানজিশন রিল বানিয়েছেন সুহানা। নিমেষের মধ্যে ক্যাজুয়াল লুক থেকে গ্ল্যামারাস অবতারে ধরা দিয়েছেন তিনি, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে সেই রকেট স্পিডের র‍্যাপ। সুহানার এই রিল সোশাল মিডিয়ায় আপলোড হতেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিয়োর নিচে বাবা শাহরুখের মজার মন্তব্য নজর কেড়েছে সবার। অবাক হয়ে শাহরুখ লিখেছেন, “তুই এতগুলো শব্দ মনে রাখিস কী করে!!! আমার তো খুব কষ্ট হয়েছিল, এড বড্ড স্পিডে গায়!” বোঝাই যাচ্ছে, অনস্ক্রিন লিপ-সিঙ্ক করতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয়েছিল বাদশাকে। শুধু শাহরুখ নন, সুহানার এই রিল দেখে উচ্ছ্বসিত তাঁর বেস্ট ফ্রেন্ড অনন্যা পাণ্ডেও। তিনি লিখেছেন, “এর চেয়ে মিষ্টি জিনিস জীবনে কখনও দেখিনি।” অন্যদিকে সোশাল মিডিয়া সেনসেশন অরি কমেন্ট করেছেন, “অবশেষে!!! একটা রিল তো এল।”

গানটি নিয়ে এমনিতেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। অরিজিৎ সিং, এড শিরান এবং মধুবন্তী বাগচীর কণ্ঠে এই গানটি ইতিমধ্যেই চার্টবাস্টার। শচীন-জিগারের সুরে এবং কুমারের কথায় গানে অন্য মাত্রা যোগ করেছে এড শিরানের লেখা ইংরেজি অংশটি। সবচেয়ে বড় চমক হল এই গানের ভিডিয়ো। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং ‘জওয়ান’-এর পর আরও একবার শাহরুখের সঙ্গে ফ্রেম শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন। জানা গিয়েছে, কেপটাউনে এই গানের শ্যুটিংয়ের সময় দীপিকা গর্ভবতী ছিলেন, তাঁর মধ্যে একটু একটু করে বড় হচ্ছিল ছোট্ট দেবী। এই তথ্য সামনে আসার পর ভক্তদের আবেগ আরও বহুগুণ বেড়ে গিয়েছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, এবং রেড চিলিজ ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ‘কিং’ ছবিটি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। শাহরুখ, সুহানা ও দীপিকা ছাড়াও এই ছবিতে রয়েছেন অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত এবং রাঘব জুয়ালের মতো একঝাঁক তারকা। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিনের ছুটিতে বিশ্বজুড়ে রিলিজ হতে চলেছে এই অ্যাকশন থ্রিলার। বক্স অফিসে যে এই ছবি ঝড় তুলবে, তা নিয়ে এখনই কোনও সন্দেহ নেই সিনেপ্রেমীদের মনে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *