Amitabh Bachchan: বম্বে হাইকোর্টে গেল ইমেল, বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে অমিতাভের বাংলো, মুম্বইয়ের আরও দুই জায়গা! | amitabh bachchan jalsa bomb threat email mumbai police investigation
ফের একবার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল মেগাস্টার অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘জলসা’। শুধু বিগ বচ্চনের বাড়িই নয়, বোমাতঙ্কের জেরে কেঁপে উঠল বম্বে হাইকোর্ট, মহালক্ষ্মী রেসকোর্স থেকে শুরু করে মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা। একটি হুমকি ইমেলকে কেন্দ্র করে এই মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের প্রশাসনিক মহলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বম্বে হাইকোর্ট, মহালক্ষ্মী রেসকোর্স এবং অভিনেতা অমিতাভ বচ্চনের ‘জলসা’য় বোমা হামলার হুমকি দিয়ে একটি কাস্টিং ইমেল পাঠানো হয়। খবর পাওয়া মাত্রই বম্বে ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (BDDS) এবং শানডগ স্কোয়াড নিয়ে প্রতিটি স্থানে চিরুনি তল্লাশি চালায় মুম্বই পুলিশ। যদিও দীর্ঘ তল্লাশির পর কোথাওই কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি। প্রশাসন একে নিছক ‘ফেক কল’ বা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত বলেই মনে করছে।
তবে তদন্তে নেমে পুলিশের হাতে আরও চাঞ্চল্যকর তথ্য এসেছে। জানা গিয়েছে, গত ২৩ অক্টোবর মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ের দপ্তরে একটি হুমকি ইমেল আসে, যার অনুলিপি পাঠানো হয়েছিল ডেপুটি মেয়র সঞ্জয় ঘাড়িকেও। সেই ইমেলেই মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)-এর সদর দপ্তর, অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’ এবং পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের আসন্ন কনসার্টে বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, গত ৩১ অক্টোবর একটি নির্দিষ্ট স্কুলে গ্রেনেড হামলার হুমকিও দেওয়া হয়েছিল ওই একই বার্তায়। পুলিশের দাবি, ৩১ অক্টোবর থেকে আগামী ২৭ নভেম্বরের মধ্যে যেকোনও সময় অমিতাভের বাড়িতে হামলা চালানো হতে পারে বলে হুমকি ইমেলে উল্লেখ ছিল।
নির্দিষ্ট সময় ও স্থান উল্লেখ করে হুমকি আসার পর থেকেই বিএমসি সদর দপ্তর ও সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা তল্লাশি চালানো হয়। এছাড়া গত সোমবার, অর্থাৎ গত ২ নভেম্বর মহারাষ্ট্রের বিভিন্ন জেলা ও সেশন কোর্টেও ইমেলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি পাঠানো হয়েছিল। সেই খবর সামনে আসতেই রাজ্যজুড়ে আদালতের চত্বরগুলোতে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। যদিও পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর কোথাও কোনও বিপজ্জনক কিছুর অস্তিত্ব মেলেনি।
একের পর এক হুমকি ইমেল এবং মেগাস্টার অমিতাভ বচ্চনের বাড়ি ও আইকনিক স্থানগুলোকে টার্গেট করায় সাধারণ মানুষের মধ্যেও কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। তবে শহরের নিরাপত্তা ব্যবস্থা যে অত্যন্ত কড়া হাতে সামলানো হচ্ছে, তা স্পষ্ট করে দিয়েছে মুম্বই পুলিশ।