১১,০০০mAh ব্যাটারির চমক, Redmi-র নতুন ফোন ঘিরে জল্পনা

মুম্বই: স্মার্টফোনের ব্যাটারি নিয়ে নতুন রেকর্ড গড়তে পারে Xiaomi-র Redmi। সংস্থার পরবর্তী পারফরম্যান্স-কেন্দ্রিক স্মার্টফোন Redmi Turbo 6 Max-এ ১১,০০০mAh ব্যাটারি থাকতে পারে বলে নতুন লিক…
মুম্বই: স্মার্টফোনের ব্যাটারি নিয়ে নতুন রেকর্ড গড়তে পারে Xiaomi-র Redmi। সংস্থার পরবর্তী পারফরম্যান্স-কেন্দ্রিক স্মার্টফোন Redmi Turbo 6 Max-এ ১১,০০০mAh ব্যাটারি থাকতে পারে বলে নতুন লিক সামনে এসেছে। খবর সত্যি হলে, এখনও পর্যন্ত Xiaomi-র কোনও স্মার্টফোনে ব্যবহৃত সবচেয়ে বড় ব্যাটারি হতে চলেছে এটি। যদিও ফোনটির অস্তিত্ব বা স্পেসিফিকেশন এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সংস্থা।
চিনের জনপ্রিয় টিপস্টার Digital Chat Station Weibo-তে একটি আসন্ন পারফরম্যান্স স্মার্টফোনের ব্যাটারি সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন। তাঁর দাবি, ডিভাইসটিতে ১১,০০০mAh ব্যাটারি থাকবে, যার রেটেড এনার্জি ৪০.৭২Wh। টিপস্টার সরাসরি ফোনটির নাম উল্লেখ না করলেও প্রকাশিত তথ্য Redmi Turbo 6 Max-এর আগের ফাঁস হওয়া স্পেসিফিকেশনের সঙ্গে মিলে যাচ্ছে।
আগের মডেলের তুলনায় ব্যাটারিতে বড় লাফ
Redmi Turbo সিরিজ মূলত শক্তিশালী পারফরম্যান্সের জন্য পরিচিত। তবে নতুন মডেলে ব্যাটারি ব্যাকআপের উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। তুলনায়, আগের Redmi Turbo 5 Max-এ ছিল ৯,০০০mAh ব্যাটারি এবং ১০০W ওয়্যার্ড ফাস্ট চার্জিংয়ের সুবিধা।
সেই জায়গা থেকে নতুন মডেলে ১১,০০০mAh ব্যাটারি এলে ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর আগে একই টিপস্টার Redmi Turbo 6 Max-এ ১০,০০০mAh-এর বেশি ব্যাটারির ইঙ্গিত দিয়েছিলেন। সেই সঙ্গে ফোনটিতে MediaTek Dimensity 9500s প্রসেসর ব্যবহারের সম্ভাবনার কথাও জানিয়েছিলেন। নতুন লিক অনুযায়ী, ব্যাটারির ক্ষমতা আরও বেশি হতে পারে।
৭ ইঞ্চির OLED ডিসপ্লে ও ১৮৫Hz রিফ্রেশ রেট?
ফোনটির সম্ভাব্য ডিসপ্লে নিয়েও বেশ কিছু তথ্য সামনে এসেছে। Redmi Turbo 6 Max-এ প্রায় ৭ ইঞ্চির ফ্ল্যাট OLED প্যানেল থাকতে পারে। রেজোলিউশন হতে পারে 2K এবং রিফ্রেশ রেট প্রায় ১৮৫Hz হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া ডিসপ্লেতে LIPO প্যাকেজিং প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। এর ফলে চারপাশের বেজেল অত্যন্ত সরু রাখা সম্ভব হবে। লিক অনুযায়ী, চারদিকে বেজেলের পুরুত্ব প্রায় ১ মিলিমিটার হতে পারে। তবে এই সমস্ত তথ্য এখনও অনানুষ্ঠানিক।
বিশ্ববাজারে Poco নামে আসতে পারে
জল্পনা রয়েছে, চিনের বাজারে Redmi Turbo 6 Max নামে আত্মপ্রকাশ করলেও আন্তর্জাতিক বাজারে ফোনটি Poco X9 Pro Max নামে লঞ্চ হতে পারে। তবে Xiaomi এখনও ফোনটির নাম, লঞ্চের সময়সূচি কিংবা বাজারভেদে উপলব্ধতা নিয়ে কোনও ঘোষণা করেনি।
১১,০০০mAh ব্যাটারি, Dimensity 9500s প্রসেসর এবং উচ্চ রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে, এই সম্ভাব্য ফিচারগুলি বাস্তবায়িত হলে Redmi-র নতুন ফোনটি পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও নজর কাড়তে পারে। আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
Get your daily dose of tech news and insight. Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel