বন্যা দুর্গতদের বাঁচাতে গিয়ে উল্টে গেল নৌকা, নিখোঁজ SDRF ও দমকলের ১১ কর্মী
বন্যায় আটকে পড়া মৎস্যজীবীদের উদ্ধার করতে গিয়ে বিপত্তি তেলঙ্গানায়। বুধবার খাম্মাম জেলার বেথুপল্লি জলাশয়ে উদ্ধারকাজে নামা দু’টি নৌকা আচমকা জলের তোড়ে উল্টে যায়। দুর্ঘটনায় তেলঙ্গানা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং দমকলের অন্তত ১১ জন কর্মী নিখোঁজ। প্রবল স্রোতের মাঝে নিখোঁজ জওয়ান ও কর্মীদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।
ভারী বৃষ্টির জেরে সাথুপল্লি মণ্ডলের বেথুপল্লি জলাশয় আগে থেকেই উপচে পড়ছিল। বিপদ উপেক্ষা করে মাছ ধরার জাল ফেলতে নেমেছিলেন পাঁচজন মৎস্যজীবী। কিন্তু হঠাৎ জলের টান বেড়ে যাওয়ায় তাঁরা গভীর জলে আটকে পড়েন। এমনকী, ডাঙায় ফেরার কোনও উপায়ও ছিল না।
খবর পেয়েই ওই পাঁচজনকে উদ্ধার করতে নৌকা নিয়ে জলাশয়ে নামেন SDRF ও দমকল কর্মীরা। কিন্তু বাঁধ ভাঙা জলের তীব্র স্রোত সামলাতে পারেনি নৌকা দু’টি। চোখের পলকে স্রোতের ধাক্কায় উল্টে যায়। তার পর থেকে নৌকা দু’টির খোঁজ মেলেনি।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি। তিনি অবিলম্বে খাম্মাম জেলার জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করেন। নিখোঁজ উদ্ধারকারী জওয়ানদের নিরাপদে খুঁজে বের করতে সব ধরনের জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উদ্ধারকাজের অগ্রগতির উপরে প্রতি মুহূর্তে নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের রাজস্বমন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডিও উদ্বেগ প্রকাশ করে তল্লাশি অভিযান আরও জোরদার ও দ্রুত করার নির্দেশ দিয়েছেন।