Kali Puja Weather: কালীপুজোয় বৃষ্টি নাকি রোদ ঝলমলে আবহাওয়া, জানিয়ে দিল হাওয়া অফিস | West Bengal Weather Update: No Rain on Kali Puja, Rain Forecast for Kolkata and South Bengal from Monday
কলকাতা: কালীপুজোয় (Kali Puja) বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোথায়ও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সপ্তাহ শেষে নামতে পারে পারদ। হাওয়া অফিসের পূর্বাভাস, ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তবে, কালীপুজোর (Kali Puja Weather) পরই আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে পারে।
সোমবার থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস
রবিবার পর্যন্ত বৃষ্টি না হলেও সোমবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাতেও সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গেও রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত কোনও জেলাতেই বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। শনিবারের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রাও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে সোমবার মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে হালকা দমকা বাতাসও বইতে পারে। অন্যদিকে, দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।
সিস্টেম
এদিকে, ঘূর্ণিঝড় মুরাসুর অবশিষ্ট অংশ পূর্ব উপকূল ও অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে সাধারণ নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। ক্রমশ তা শক্তি হারাবে । অন্যদিকে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন করে কোনও নিম্নচাপ তৈরি হয়নি।
কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে সামান্য ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে কালীপুজোর দিন পর্যন্ত বৃষ্টির আশঙ্কা নেই বললেই চলে।