ছাঁটাই নয়, স্বেচ্ছাবসরের প্রস্তাব! ফ্রান্সে কর্মীদের বিশেষ প্যাকেজ দিচ্ছে মেটা

নিউ ইয়র্ক: বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলিতে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের পিছনে বিপুল অর্থ বিনিয়োগ করতে গিয়ে কর্মীসংখ্যা কমানোর পথে হাঁটছে একাধিক সংস্থা।…
নিউ ইয়র্ক: বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলিতে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের পিছনে বিপুল অর্থ বিনিয়োগ করতে গিয়ে কর্মীসংখ্যা কমানোর পথে হাঁটছে একাধিক সংস্থা। এবার সেই তালিকায় নাম জুড়ল মার্ক জুকারবার্গের সংস্থা মেটার। তবে সরাসরি ছাঁটাইয়ের বদলে কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিচ্ছে সংস্থাটি। বিনিময়ে মিলবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ এবং অতিরিক্ত সুযোগ-সুবিধা।
ফরাসি সংবাদমাধ্যম ‘লা লেত্র’-এর প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে কর্মীদের জন্য এই স্বেচ্ছাবসর প্রকল্প চালু করতে চলেছে মেটা। সে দেশে সংস্থার কর্মীসংখ্যা প্রায় ৩০০। প্রস্তাবিত প্রকল্পের আওতায় প্রায় ১০০ জন কর্মী প্রভাবিত হতে পারেন। তবে কোন কোন বিভাগের কর্মীরা এই সুযোগ পাবেন, তা এখনও স্পষ্ট নয়।
চাকরি ছাড়লে কত টাকা পাবেন কর্মীরা?
প্রতিবেদন অনুযায়ী, মেটার প্রস্তাবে প্রতি বছর চাকরির জন্য ২.১৫ মাসের বেতনের সমান ক্ষতিপূরণ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ১০ মাসের জন্য বিশেষ ছুটিও মিলবে। সেই সময়ে কর্মীরা তাঁদের মোট বেতনের ৮০ শতাংশ পাবেন। পেশাগত প্রশিক্ষণ নিয়ে নতুন কাজ শুরু করা কিংবা নিজস্ব ব্যবসা খোলার ক্ষেত্রেও সহায়তার কথা ভাবছে সংস্থা।
এই প্রকল্পে আগ্রহী কর্মীদের ৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তবে মাইক্রোসফট বা গুগলের মতো ব্যক্তিগত ভাবে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখানে নেই। ফ্রান্সের শ্রম আইনের অধীনে ট্রেড ইউনিয়নের সঙ্গে আলোচনার মাধ্যমে যৌথ ভাবে কর্মীসংখ্যা কমানোর এই প্রক্রিয়া চালানো হচ্ছে।
এআইয়ে বিনিয়োগ বাড়াতেই কি কর্মীসংখ্যা কমাচ্ছে মেটা?
মেটার এই উদ্যোগের পিছনে রয়েছে প্রযুক্তি শিল্পে কর্মী পুনর্বিন্যাসের বৃহত্তর প্রবণতা। গুগল ইতিমধ্যেই পাঁচটি দেশে স্বেচ্ছাবসরের প্রস্তাব দিয়েছে। অন্য দিকে, আমেরিকা, কানাডা, ভারত ও ব্রিটেনের প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিয়েছে মাইক্রোসফট।
চলতি বছরের এপ্রিলে মেটা বিশ্বজুড়ে প্রায় ৮,০০০ পদ তুলে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল। মে মাসে প্রায় ৭,০০০ কর্মীকে এআই-সম্পর্কিত কাজে পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। ২০২৬ সালে পরিকাঠামো ও ডেটা সেন্টারে বিনিয়োগের জন্য মেটার সম্ভাব্য মূলধনী ব্যয়ের পরিমাণ ১৩৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার।
ভেটো ব্যবহার করে ডেমোক্র্যাটদের সঙ্গে লড়াইয়ের ইঙ্গিত ট্রাম্পের
মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের দখল, চাপে ট্রাম্প! ভারত-পাকিস্তানে কী প্রভাব?