চাউরি বাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, উদ্ধার ৪, ধ্বংসস্তূপে আটকে ২ - 24 Ghanta Bangla News
Home

চাউরি বাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, উদ্ধার ৪, ধ্বংসস্তূপে আটকে ২

Spread the love


নয়াদিল্লি: দিল্লিতে ফের বাড়ি ভেঙে দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে পুরনো দিল্লির চাউরি বাজার মেট্রো স্টেশনের কাছে ভেঙে পড়ল নির্মীয়মাণ তিনতলা বাড়ি। ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে ধ্বংসস্তূপ…

নয়াদিল্লি: দিল্লিতে ফের বাড়ি ভেঙে দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে পুরনো দিল্লির চাউরি বাজার মেট্রো স্টেশনের কাছে ভেঙে পড়ল নির্মীয়মাণ তিনতলা বাড়ি। ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। আরও দু’জন আটকে রয়েছেন বলে আশঙ্কা। তাঁদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা ও দমকলকর্মীরা।

প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ গলি সিতারায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ছ’টি ইউনিট। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে জলের গাড়ি এবং বিশেষ উদ্ধারকারী যান। আধিকারিকদের তত্ত্বাবধানে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের খোঁজ চলছে। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, কয়েক দিন আগেই পুরনো দিল্লির চান্দনি চকে ভেঙে পড়েছিল ১৬০ বছরেরও বেশি পুরনো দিল্লি পুরনিগমের (MCD) টাউন হলের একাংশ। গত ৩১ অক্টোবরের ওই ঘটনায় ভবনের প্রবেশপথের ছাদ এবং দু’টি বড় বিম ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় ভবনের সামনের অংশ, একতলার কিছুটা অংশ এবং প্রবেশপথের আশপাশের দেওয়াল। উপরের ঘড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। পাশের দেওয়ালে ফাটল দেখা যায়।

পুরনিগমের এক আধিকারিকের দাবি, আগেই ভবনের ওই অংশ বিপজ্জনক ঘোষণা করে ঘিরে রাখা হয়েছিল। দু’দিনের ভারী বৃষ্টিতে দুর্বল কাঠামো আরও ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বিপর্যয় ঘটে থাকতে পারে।

প্রায় ১৪৫ বছর ধরে দিল্লির পুর প্রশাসনের কেন্দ্র ছিল এই টাউন হল। ২০১১-১২ সালে পুরনিগমের সদর দফতর মিন্টো রোডের সিভিক সেন্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তার পর থেকেই ঐতিহাসিক ভবনটির বিভিন্ন অংশের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।

Form 6 থেকে SIR-এর ঘোষণা বাদ, ভোটার তালিকায় নাম তোলার নিয়মে বড় বদল কমিশনের

২০২৭ থেকে ICSE পরীক্ষার সময় বদল, সকাল ১১টার বদলে শুরু হবে কটায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *