প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে ভারত আসছেন বালেন শাহ? আলোচনায় কোন কোন বিষয়?

প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে ভারতে আসতে পারেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। সূত্রের খবর, আগামী ২২ নভেম্বর থেকে তিন দিনের সফরে ভারতে আসার সম্ভাবনা রয়েছে তাঁর।…
প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে ভারতে আসতে পারেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। সূত্রের খবর, আগামী ২২ নভেম্বর থেকে তিন দিনের সফরে ভারতে আসার সম্ভাবনা রয়েছে তাঁর। ২০২৬ সালের মার্চে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই হতে পারে তাঁর প্রথম সরকারি দ্বিপাক্ষিক বিদেশ সফর। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তা সহযোগিতা বাড়ানোই আলোচনার মূল বিষয় হতে পারে।
যদিও সফরের নির্দিষ্ট দিন এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ভারত বা নেপাল সরকার। এর আগে ২৩ থেকে ২৫ নভেম্বর সফরের সম্ভাবনার কথাও সামনে এসেছিল।
এই সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে ৪-৫ নভেম্বর নেপাল সফরে যাওয়ার কথা ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রীর। নেপালের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে সফরের আলোচ্যসূচি চূড়ান্ত করার বিষয়ে কথা হতে পারে।
বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় নজর
দু’দেশের আলোচনায় গুরুত্ব পেতে পারে পঞ্চেশ্বর বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প। পাশাপাশি সীমান্ত পেরিয়ে বিদ্যুৎ বাণিজ্য বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে। ২০২৪ সালের চুক্তি অনুযায়ী, আগামী ১০ বছরে নেপাল থেকে সর্বোচ্চ ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত।
এ ছাড়া রক্সৌল-কাঠমান্ডু রেলপথ, পেট্রোলিয়াম পাইপলাইন, সীমান্তে শুল্ক সংক্রান্ত প্রক্রিয়া সহজ করা এবং বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে। নিরাপত্তা সহযোগিতা ও গোয়েন্দা তথ্য আদানপ্রদানও আলোচনার তালিকায় রয়েছে।
সীমান্ত বিবাদও গুরুত্বপূর্ণ
ভারত-নেপাল আলোচনায় কালাপানি-লিপুলেখ সীমান্ত বিবাদ সংবেদনশীল বিষয় হয়ে উঠতে পারে। কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা অঞ্চল নিয়ে দু’দেশের মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ রয়েছে। পাশাপাশি রামায়ণ ও বৌদ্ধ পর্যটন সার্কিটের মাধ্যমে ধর্মীয় ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর প্রস্তাবও আলোচনায় আসতে পারে।
চলতি বছরের বন্যার পর পুনর্গঠন, জলবিদ্যুৎ ও পরিকাঠামো ক্ষেত্রে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর বিষয়েও নয়াদিল্লির সহযোগিতা চাইতে পারে কাঠমান্ডু।
Form 6 থেকে SIR-এর ঘোষণা বাদ, ভোটার তালিকায় নাম তোলার নিয়মে বড় বদল কমিশনের
মেদিনীপুর মেডিক্যালের হাল ফেরাতে উদ্যোগী JSW, কী প্রস্তাব দিলেন সজ্জন জিন্দল?