ডান্ডিয়া নাচ, বার্বিকিউ এবং মিনিট চল্লিশ অশোক সেন
কুণাল বসু
শহরের ছেলে কিন্তু দীর্ঘ দিন শহরবাসী নন। সম্প্রতি প্রথম ভারতীয় হিসেবে অস্কার ক্লাইন মেডেল পাওয়ার পরে বিজ্ঞানী অশোক সেন প্রথমবার এলেন কলকাতায়। বুধবার বিকেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্টিনারি হল ভরিয়ে ফেলেছিলেন ইউনিভার্সিটির স্নাতক ও মাস্টার্সের ছাত্র, গবেষক, অধ্যাপকরা। প্রফেসর এসকে মিত্র স্মারক লেকচার দিতে চারটের ঠিক আগেই হলে ঢুকলেন তিনি। হাল্কা গোলাপি রঙের গোল গলা টি-শার্ট, অলিভ প্রিন সিক্স পকেট প্যান্ট, এক কাঁধে ঝোলানো ব্যাক প্যাক। এখনও যেন প্রেসিডেন্সিরই ছাত্র। অথচ ‘গ্র্যাভিটি ফ্রম স্ট্রিংস অ্যান্ড স্ট্রিংস ফ্রম গ্র্যাভিটি’ শীর্ষক লেকচার শুরুর পরে এই সহজ-সরল ৭০ বছরের মানুষটাই ঢুকে পড়লেন স্ট্রিং থিওরির জটিল ইকুয়েশন ও তত্ত্ব ব্যাখ্যায়।