কমবয়সিদের পকেটে ছোট পুরিয়া, গোপন আস্তানায় চলত ব্যবসা, তদন্তে পর্দাফাঁস পুলিশের
বড় প্যাকেট থেকে এক গ্রাম, দুই গ্রাম ওজন করে মাদকের পুরিয়া তৈরি করা হয়। গোপনে হাতবদল হয়ে সেই মাদক পুরিয়া পৌঁছে যায় কমবয়সি ছেলেমেয়েদের কাছে। বুধবার রাতে একটি বিশেষ অভিযানে প্রায় ৩৬৮. ৫ গ্রাম মাদক উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ। মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরিফুদ্দিন নামে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক তাঁদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, মেদিনীপুর শহরের বড় আস্তানায় পুলিশ অভিযান চালিয়ে তিন মাদক উদ্ধার করেছে। যার ওজন ৩৬৮. ৫ গ্রাম। যার বাজার মূল্য ১. ৫০ কোটি টাকা। এছাড়াও উদ্ধার হয়েছে ৫২ গ্রাম সোনা, যার বাজার মূল্য প্রায় সাড়ে আট লক্ষ টাকা। উদ্ধার হয়েছে ২০০ গ্রাম রুপো। যার বাজার মূল্য ৪০ হাজার টাকা। এছাড়াও নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই জেলার বিভিন্ন জায়গা থেকে মাদকের প্যাকেট উদ্ধার হয়। মাদক পাচারের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বার মাদক পুরিয়া তৈরি করে বিক্রির গোপন আস্তানার সন্ধান পায় পুলিশ। মাদক পাচার রুখতে বুধবারের অভিযান খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ।
তবে কোথা থেকে এই মাদক নিয়ে এসে ছোট ছোট প্যাকেটে ভরা হতো, সে সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বড় তথ্য মিলবে বলেই আশা জেলার পুলিশ মহলে।