Bigg Boss Bangla: 'তোমায় নিয়ে বিদেশ যাব', ঘরের কোণায় বসে সৃজলাকে প্রস্তাব জীতুর! গেম প্ল্যান? নাকি... | Bigg Boss Bangla: New Equation Between Jeetu Kamal and Srijla Guha Grabs Attention - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss Bangla: ‘তোমায় নিয়ে বিদেশ যাব’, ঘরের কোণায় বসে সৃজলাকে প্রস্তাব জীতুর! গেম প্ল্যান? নাকি… | Bigg Boss Bangla: New Equation Between Jeetu Kamal and Srijla Guha Grabs Attention

Spread the love

বিগ বস বাংলার (Bigg Boss Bangla) অন্দরমহলে জিতু কমল (Jeetu Kamal) এবং সৃজলা গুহ (Srijla Guha) এই দুটি নাম ঘিরেই কৌতূহল তুঙ্গে। রিয়্যালিটি শোয়ের নিয়মই হল, এখানে খুব দ্রুত সমীকরণ বদলায়। রাজবীর-নন্দিনীর পাশাপাশি দর্শকদের নজর এখন জিতু ও সৃজলার দিকে। তাঁদের নতুন রসায়ন নিয়ে চর্চা চলছে ঘরের ভিতরে ও বাইরে।

কী ঘটেছে বিগ বসের ঘরে?

বিগ বসের ঘরে এখন হামেশাই এই জুটিকে একান্তে গল্প করতে দেখা যাচ্ছে। সম্প্রতি সৃজলার বলা একটি কথা সোশাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে। তিনি একা একা বিড়বিড় করেছিলেন, “কাকে ভালবেসে ফেললে জিতু, কেন ভালবেসে ফেললে?” এই একটি লাইন নিয়েই মেতেছেন নেটিজেনরা।

এর পাশাপাশি তাঁদের বিদেশ সফর নিয়েও জোর আলোচনা হয়েছে। সৃজলা জানান, জন্মদিনে তিনি বোনের সঙ্গে ভিয়েতনামে ছুটি কাটাতে যাবেন। কথা প্রসঙ্গে জিতু জানতে চান তাঁদের টিকিট কাটা হয়েছে কি না। এরপরই তিনি সৃজলার সঙ্গে ভিয়েতনাম যাওয়ার আবদার করে বসেন। সৃজলা কিছুটা অবাক হয়েই বুঝিয়ে দেন, তাঁর বোনও সঙ্গে যাবে। কিন্তু জিতু নাছোড়বান্দা। তিনি সাফ জানিয়ে দেন যে, তিনি সৃজলার বোনকেও ঠিক মানিয়ে নেবেন। জিতুর এমন একগুঁয়ে আবদার দেখে সৃজলাও বেশ অবাক।

বর্তমানে বিগ বসের বাড়ি চালানোর দায়িত্ব পেয়েছেন জিতু, সৃজলা এবং সৌরভ দাস। কিন্তু এখানেও দেখা গিয়েছে জিতু আর সৃজলার নতুন জোট। তাঁরা একসঙ্গে কফি খেতে খেতে ঠিক করেন, সৌরভ বাড়ি পরিচালনার জন্য কোনও পরিকল্পনা দিলে, সবকটি তাঁরা বাতিল করে দেবেন। এমনকি ভূতের টাস্কেও অনেকটা সময় পাশাপাশি বসে গল্প করতে দেখা গিয়েছে তাঁদের। তবে তাঁদের এই সম্পর্ক ভালোভাবে নিচ্ছেন না বিগ বসের ঘরের অনেকেই। সোশাল মিডিয়ায় জীতু আর সৃজলার এই কথোপকথন নিয়ে জোর চর্চা চলছে।

শোয়ের এই নতুন সমীকরণের মাঝেই আবার বড় চমক দিয়েছেন নন্দিনী। বাড়ি থেকে বিদায় নেওয়ার পর দু’দিন সিক্রেট রুমে ছিলেন তিনি। সেখান থেকে আবার মূল বাড়িতে ফিরে এসেছেন। ফলে বিগ বসের আগামী পর্বগুলো যে আরও টানটান হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *