কার্শিয়াং থেকে রোপওয়ে চেপে সোজা দার্জিলিং–এ
ছুটিতে দার্জিলিং যাওয়া এ বার আরও সহজ হতে চলেছে। পর্যটকদের জন্য রাজ্য সরকার কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত সরাসরি রোপওয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার উত্তরকন্যায় আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত বলেন, ‘শুধু পর্যটকরাই নন, দার্জিলিংয়ের সাধারণ মানুষও মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবেন এই সিদ্ধান্তের জন্য। কেন না, রোপওয়ে তৈরি হলে দার্জিলিংয়ের নিত্যযাত্রীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন।’