৯ ইঞ্চির ডিসপ্লে ও রোবোটিক হাত নিয়ে আসছে Apple HomeView Ultra?

মুম্বই: স্মার্ট হোম ডিভাইসের দুনিয়ায় আরও বড় চমক দিতে পারে Apple। ৭ ইঞ্চির HomeView স্মার্ট ডিসপ্লে বাজারে আনার পর এবার তার আরও প্রিমিয়াম সংস্করণ তৈরির…
মুম্বই: স্মার্ট হোম ডিভাইসের দুনিয়ায় আরও বড় চমক দিতে পারে Apple। ৭ ইঞ্চির HomeView স্মার্ট ডিসপ্লে বাজারে আনার পর এবার তার আরও প্রিমিয়াম সংস্করণ তৈরির কাজ চলছে বলে খবর। সম্ভাব্য নাম HomeView Ultra। এতে থাকতে পারে ৯ ইঞ্চির ডিসপ্লে এবং AI-চালিত মোটরাইজড রোবোটিক আর্ম। সেই হাতের সাহায্যে ঘরের মধ্যে ব্যবহারকারীর গতিবিধি অনুসরণ করে নিজে থেকেই স্ক্রিনের অবস্থান বদলাতে পারবে ডিভাইসটি।
The Information-এর প্রতিবেদন অনুযায়ী, Apple-এর নতুন এই স্মার্ট হোম হাবটি বর্তমান HomeView-এর তুলনায় আরও উন্নত প্রযুক্তি নিয়ে আসতে পারে। তবে সংস্থার তরফে এখনও ডিভাইসটির নাম, ফিচার কিংবা লঞ্চের সময় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
Pixar-এর ডেস্ক ল্যাম্পের মতো ডিজাইন
HomeView Ultra-র সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হতে পারে এর রোবোটিক আর্ম। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিভাইসটির নকশা অনেকটা Pixar-এর জনপ্রিয় ডেস্ক ল্যাম্পের মতো হতে পারে। মোটরাইজড এই হাতের সাহায্যে ৯ ইঞ্চির ডিসপ্লেটি ঘোরানো এবং বিভিন্ন দিকে সরানো সম্ভব হবে।
ব্যবহারকারী ঘরের এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলে ক্যামেরা ও সেন্সরের সাহায্যে তাঁকে অনুসরণ করতে পারবে ডিভাইসটি। ফলে ভিডিও কল বা স্মার্ট হোম নিয়ন্ত্রণের সময় বারবার স্ক্রিনের সামনে গিয়ে দাঁড়ানোর প্রয়োজন কমবে।
Apple ২০১৯ সালেই J595 কোডনেমে এই প্রকল্পের কাজ শুরু করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রথমদিকে মূলত ভিডিও কলের অভিজ্ঞতা উন্নত করাই ছিল সংস্থার লক্ষ্য। পরে AI প্রযুক্তির উপর বেশি গুরুত্ব দেওয়ায় প্রকল্পটির পরিধি বাড়ানো হয়।
ঘরে ঢুকলেই জ্বলে উঠতে পারে আলো
HomeView Ultra-তে একাধিক ক্যামেরা ও সেন্সর থাকতে পারে। সেগুলির সাহায্যে ঘরের পরিবেশ বুঝে পরিস্থিতি অনুযায়ী কাজ করতে পারবে ডিভাইসটি। যেমন, কেউ ঘরে ঢুকলে স্বয়ংক্রিয়ভাবে আলো জ্বালিয়ে দেওয়ার মতো সুবিধা থাকতে পারে।
রোবোটিক আর্মটি নড়াচড়া করার সময় যাতে আসবাবপত্র বা অন্য কোনও বস্তুর সঙ্গে ধাক্কা না লাগে, সেই ব্যবস্থাও রাখা হতে পারে। এর জন্য ডিভাইসটি বাধা শনাক্ত করে নিজের চলার পথ পরিবর্তন করতে পারবে বলে দাবি প্রতিবেদনে।
হার্ডওয়্যার তৈরি, বাকি সফটওয়্যারের কাজ
The Information-এর রিপোর্ট অনুযায়ী, Apple-এর এই রোবোটিক স্মার্ট হোম ডিভাইসের হার্ডওয়্যার তৈরির কাজ প্রায় দু’বছর আগেই শেষ হয়েছে। তবে সফটওয়্যার এবং AI সংক্রান্ত উন্নয়নের কাজ এখনও চলছে। আরও উন্নত AI ফিচার যুক্ত করার চেষ্টা করছে সংস্থা।
লঞ্চের সময় নিয়েও রয়েছে অনিশ্চয়তা। প্রতিবেদন অনুযায়ী, HomeView Ultra আগামী বছর অর্থাৎ ২০২৭ সালেই বাজারে আসতে পারে। তবে কোনও কারণে দেরি হলে ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
দামের ক্ষেত্রে প্রাথমিক অনুমান, ডিভাইসটির মূল্য প্রায় ১,০০০ ডলার, ভারতীয় মুদ্রায় আনুমানিক ৯০ হাজার টাকা হতে পারে। তবে যন্ত্রাংশের খরচ এবং বাজার পরিস্থিতির উপর নির্ভর করে চূড়ান্ত দাম বদলাতে পারে।
বর্তমানে কত দামে পাওয়া যাচ্ছে HomeView?
উল্লেখ্য, গত মাসেই প্রথম HomeView স্মার্ট হোম হাব প্রকাশ্যে এনেছে Apple। এতে রয়েছে ৭ ইঞ্চির Liquid Retina ডিসপ্লে, Siri AI ইন্টিগ্রেশন এবং ফেসিয়াল রেকগনিশন সুবিধা। মার্কিন বাজারে এর দাম ২৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় আনুমানিক ২৮ হাজার টাকা। ভারতে ডিভাইসটির দাম রাখা হয়েছে ৩৯,৯০০ টাকা। বিক্রি শুরু হওয়ার কথা ১৩ নভেম্বর।
তবে HomeView Ultra নিয়ে Apple এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। নতুন এই প্রতিবেদনে Bloomberg-এর মার্ক গুরম্যানের আগের রিপোর্টের সঙ্গেও মিল পাওয়া যাচ্ছে। ফলে রোবোটিক আর্ম-সহ স্মার্ট হোম হাবটি বাস্তবে কতটা উন্নত AI সুবিধা নিয়ে আসে, এখন সেটাই দেখার।
Get your daily dose of tech news and insight. Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel