Flight Ticket Price: বিমান ভাড়া ১০ হাজার থেকে একলাফে বেড়ে ৭৮ হাজার! আর কোন রুটে কত ভাড়া বাড়ছে বা কেনই বা বাড়ছে জেনে নিন | Diwali Flight Ticket Prices Soar Up to 7 Times: Why Airfares Are Rising Across India - 24 Ghanta Bangla News
Home

Flight Ticket Price: বিমান ভাড়া ১০ হাজার থেকে একলাফে বেড়ে ৭৮ হাজার! আর কোন রুটে কত ভাড়া বাড়ছে বা কেনই বা বাড়ছে জেনে নিন | Diwali Flight Ticket Prices Soar Up to 7 Times: Why Airfares Are Rising Across India

Spread the love

নয়া দিল্লি: দীপাবলির আগে দেশে বিমান ভাড়া কার্যত আকাশছোঁয়া। সাধারণত দিল্লি থেকে কলকাতা যাওয়ার বিমানের টিকিটের দাম থাকে ১০ থেকে ১১ হাজার টাকার মধ্যে। কিন্তু আগামী ৬ নভেম্বরের জন্য সেই টিকিটের দাম পৌঁছেছে ৭৮,৬৯৪ টাকায়। শুধু দিল্লি-কলকাতা নয়, দীপাবলির আগে দেশের একাধিক গুরুত্বপূর্ণ রুটে বিমানভাড়া স্বাভাবিকের তুলনায় দুই থেকে সাত গুণ বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে একটা জনস্বার্থ মামলা হয়। কিন্তু জরুরি ভিত্তিতে সেই আবেদনের শুনানি করতে রাজি হয়নি শীর্ষ আদালত। কিন্তু, কেন বাড়ছে বিমানের ভাড়া, কোন রুটে কত ভাড়া বেড়েছে, কী পদক্ষেপ করা হচ্ছে জেনে নেওয়া যাক।

কেন বাড়ছে টিকিটের দাম?

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে জেট জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চে প্রতি লিটার এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দাম ছিল ৬০.৫০ টাকা। মে মাসে তা বেড়ে হয়েছে ১৪২ টাকা। প্রায় আড়াই গুণ। বিমান সংস্থাগুলির মোট পরিচালন ব্যয়ের প্রায় ৪০ শতাংশই জ্বালানির পিছনে খরচ হয়। অত্যন্ত অস্থির পরিস্থিতিতে এই খরচ বেড়ে ৬০ শতাংশ পর্যন্ত হতে পারে। ফলে জ্বালানির দাম বাড়ায় বিমান সংস্থাগুলির খরচও বেড়েছে, যার প্রভাব পড়ছে যাত্রীদের টিকিটের দামে।

ভাড়া বৃদ্ধির আর একটি কারণ পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকা। সম্প্রতি ভারতীয় বিমানের জন্য আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ ২৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে ইসলামাবাদ। ২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তান পরস্পরের বিমানের জন্য আকাশসীমায় বিধিনিষেধ জারি করে। এর ফলে ইউরোপ, উত্তর আমেরিকা ও মধ্য এশিয়ায় যেতে ভারতীয় বিমান সংস্থাগুলিকে দীর্ঘ পথ ঘুরে উড়তে হচ্ছে। এতে জ্বালানি খরচ ও পরিচালন ব্যয় বাড়ছে। প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছিল, আকাশসীমা বন্ধ থাকায় ভারতীয় বিমান সংস্থাগুলির প্রতি মাসে অতিরিক্ত ৩০৭ কোটি টাকা খরচ হতে পারে।

এর পাশাপাশি রয়েছে ডায়নামিক প্রাইসিং। অর্থাৎ, বিমানের ভাড়া নির্দিষ্ট থাকে না। চাহিদা ও আসনের প্রাপ্যতার উপর নির্ভর করে ভাড়া বদলায়। তাই একই বিমানের টিকিট কখন বুক করা হচ্ছে, তার উপরেও দাম কমবেশি হতে পারে।

কোন রুটে কতটা বেড়েছে বিমানভাড়া?

সুুপ্রিম কোর্টের জনস্বার্থ মামলাতে আবেদনকারীর দাবি অনুয়ায়ী,  দিল্লি-কলকাতা রুটে সাধারণত ১০ থেকে ১১ হাজার টাকার টিকিটের দাম ৬ নভেম্বরের জন্য বেড়ে হয়েছে ৭৮,৬৯৪ টাকা। বেঙ্গালুরু-দিল্লি রুটে ওই দিন ভোর ৫টার বিমানের ভাড়া প্রায় ১৫,৯০১ টাকা। অথচ একই রুটে বিকেল ৩টে ৪৫ মিনিটের বিমানের ভাড়া ৪০,৫০৬ টাকা।

মুম্বই-দিল্লি রুটে বিমানভাড়া ১১,৫৩১ টাকা থেকে বেড়ে ৬০,৫৭৭ টাকা হয়েছে। অন্যদিকে, দিল্লি-মুম্বই রুটে ভাড়া ৫,২২৩ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৬,৭৯৩ টাকায়।

দিল্লি-কলকাতা রুটে ভাড়া বেড়েছে ৬.৭ গুণ। মুম্বই-দিল্লি রুটে ৫.৩ গুণ, দিল্লি-মুম্বই রুটে ৫.১ গুণ, দিল্লি-আমেদাবাদ রুটে ৩.৮ গুণ এবং দিল্লি-বেঙ্গালুরু রুটে তিন গুণ।

সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

সোমবার, ২ নভেম্বর, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি অপারেশ কুমার সিংয়ের বেঞ্চে জনস্বার্থ মামলাটি উল্লেখ করা হয়। আবেদনকারীর হয়ে আইনজীবী জানান, দীপাবলির আগে বিমানভাড়া ৭০০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে। বিমান পরিষেবা একটি জরুরি  পরিষেবা। তাই, এভাবে ভাড়া বৃদ্ধি সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলেও দাবি করেন তিনি।

জবাবে বিচারপতি বিক্রম নাথ চারটি শব্দের উল্লেখ করেন। বলেন, “বিমানে যাতায়াত করবেন না। পরের মামলা বলুন।” এরপরই জরুরি ভিত্তিতে মামলাটি তালিকাভুক্ত করার আবেদন খারিজ করে দেয় আদালত। তবে অন্তর্বর্তী আবেদনের মূল বিষয়গুলি নিয়ে কোনও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। মূল জনস্বার্থ মামলাটির পরবর্তী শুনানি ১৬ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *