Basirhat: সরকারি প্রকল্পের টাকা নিয়ে অনিয়ম! প্রধান ও উপপ্রধানকে ঘরের মধ্যে আটকে রেখে তুমুল বিক্ষোভ | Basirhat Pifa Gram Panchayat Protest Over Alleged Corruption in Government Schemes
বসিরহাট: সরকারি প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে ঘরের মধ্যে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এ দিন বসিরহাট ১ নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত বসিরহাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘটনাস্থলে নামতে হয়।
স্থানীয় বাসিন্দাদের মূল অভিযোগ, আবাস যোজনার বাড়ি বণ্টন, রাস্তা নির্মাণ এবং ১০০ দিনের কাজের জব কার্ড তৈরি-সহ একাধিক সরকারি প্রকল্পে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে। এমনকী প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলেও ক্ষুব্ধ বাসিন্দারা দাবি করেছেন। এর প্রতিবাদেই পঞ্চায়েত প্রধান মন্দিরা সাহা ও উপপ্রধান আলম মণ্ডলকে দীর্ঘক্ষণ ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের দাবি, প্রধান ও উপপ্রধানকে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে এবং নেওয়া টাকা ফেরত দিতে হবে। দাবি না মানলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান মন্দিরা সাহা। তিনি জানান, সরকারি প্রকল্পের জন্য কোনও টাকা লাগে না এবং এ বিষয়ে আগে মাইকিং করে মানুষকে সচেতনও করা হয়েছে। তাঁকে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করতেই এই চক্রান্ত ও বিক্ষোভ করা হচ্ছে বলে তাঁর পাল্টা দাবি।
বর্তমানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ফাঁকা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।