স্পেনের ফুটবলে শোক, মাঠে সংঘর্ষের পর মৃত্যু তরুণ স্ট্রাইকারের
মাঝমাঠে বল দখলের লড়াইয়ে গিয়ে সংঘর্ষ
২ নভেম্বর, সোমবার রাতে স্প্যানিশ দ্বিতীয় ডিভিশনে সিডি তেনেরিফে এবং এফসি আন্দোরার মধ্যে ম্যাচে ঘটনাটি ঘটে। ম্যাচের মাঝে বিপক্ষের গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগে মিগুয়েলের, সেখান থেকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এর পর হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার পর মৃত্যু হয় তাঁর।
সিডি তেনেরিফে এবং এফসি আন্দোরার মধ্যে ম্যাচটা নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোল ছিল। এর পর ইনজুরি টাইমে ম্যাচ গড়ালে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ইনজুরি টাইমে ম্যাচ যখন সপ্তম মিনিটে খেলা হচ্ছিল তখনই ঘটে দুর্ঘটনা। মাঝমাঠের কিছু উপরে খেলা চলছিল। তেনেরিফের আক্রমণ প্রতিহত করতে নিজেদের ডি-বক্সের অনেকখানি বাইরে বেরিয়ে আসেন আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনো। তিনি বলে ক্লিয়ার করতে অনেকটা লাফিয়ে ওঠেন, একই সময়ে মিগুয়েলও লাফিয়ে ওঠেন। কিন্তু ওওনোর হাঁটু সোজা লাগে মিগুয়েলের বুকে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে হাওয়ায় এক পাক ঘুরে মাটিতে আছড়ে পড়েন ৩০ বছর বয়সি এই স্ট্রাইকার। মাঠে পড়তেই তিনি অচেতন হয়ে যান।
প্রাথমিক শুশ্রূষার জন্য মেডিকেল টিম মাঠে ছুটে আছে। পরিস্থিতি দেখে তেনেরিফের একাধিক খেলোয়াড় মাঠেই কান্নায় ভেঙে পড়েন। মাঠের ভেতরেই প্রায় পাঁচ মিনিট ধরে চিকিৎসকরা CPR ও প্রাথমিক শুশ্রূষা দেওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।