সহকর্মীদের সঙ্গে ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি বেঙ্গালুরুর ৩ প্রযুক্তি কর্মীর
সহকর্মীদের সঙ্গে ছুটিতে ঘুরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো তিন প্রযুক্তি কর্মীর। সহকর্মীদের সঙ্গে কর্ণাটকের গোকর্ণ এলাকায় গিয়েছিলেন তাঁরা। সেখানেই ঢেউয়ের টানে ভেসে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থার তিন কর্মীর।
পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় মৃত্যু হয়েছে শোভা দাস দেবেন্দ্রনাথ (২২), মহম্মদ আকরাম ইসমাইল আহমেদ এবং বিশ্ব এ কে (২৪) নামে তিন জনের। শোভা দাস দেবেন্দ্রনাথ ঝাড়খণ্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর,বেঙ্গালুরুর বেলান্দুরের (Bellandur) একটি বেসরকারি প্রযুক্তি সংস্থার কর্মীরা ছুটিতে আনন্দ করার জন্য গিয়েছিলেন গোকর্ণ (Gokarna)। শনিবার ওই বেসরকারি সংস্থার ১৬ জনের একটি দল সেখানে পৌঁছন। ওই প্রযুক্তি সংস্থার তরফে আউটিংইয়ে পাঠানো হয় তাঁদের। শনিবার সন্ধ্যায় তাঁরা সেখানে পৌঁছে সমুদ্র সৈকতের কাছে একটি প্রাইভেট রিসর্টে ওঠেন। রবিবার তাদের দলের পাঁচ জন কর্মী স্নান করতে নামেন ডুবানশশী সমুদ্র সৈকতে (Dubbanshashi Beach)। সেই সময় হঠাৎই বিশাল ও শক্তিশালী ঢেউয়ের তোড়ে তাঁরা গভীর জলের দিকে ভেসে যান।
এই ঘটনার পরেই দ্রুত তাঁদের উদ্ধারে নামেন স্থানীয় মৎস্যজীবী ও লাইফগার্ডরা। পাঁচ জনের মধ্যে নিশান্ত ডিভি এবং মহম্মদ কাসিম নামে দু’জনকে কোনওমতে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তাঁদের চিকিৎসা করানো হয় গোকার্ণ প্রাইমারি হেলথ সেন্টারে। তবে তীব্র স্রোতের কারণে বাঁচানো সম্ভব হয়নি শোভা, আকরাম ও বিশ্বকে। পরে তাঁদের দেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক ভাবে দুর্ঘটনায় ওই তিন জনের মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। এই নিয়ে গোকর্ণ থানায় একটি মামলা রুজু করে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।