হেলিপ্যাডে নামার মুখে ভয়াবহ দুর্ঘটনা, নেপালে কপ্টার সংঘর্ষে মৃত্যু ভারতীয়ের - 24 Ghanta Bangla News
Home

হেলিপ্যাডে নামার মুখে ভয়াবহ দুর্ঘটনা, নেপালে কপ্টার সংঘর্ষে মৃত্যু ভারতীয়ের

Spread the love

কাঠমাণ্ডু: নেপালে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। অবতরণের মুহূর্তে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে মৃত্যু হল এক ভারতীয় নাগরিকের। আহত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের এক নাগরিকও। মঙ্গলবার সকালে…

কাঠমাণ্ডু: নেপালে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। অবতরণের মুহূর্তে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে মৃত্যু হল এক ভারতীয় নাগরিকের। আহত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের এক নাগরিকও। মঙ্গলবার সকালে কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সোলুখুম্বু জেলার ফেরিচে হেলিপ্যাডে এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই সামনে এসেছে সংঘর্ষের সিসিটিভি ফুটেজ।

নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, ফিস্টেল এয়ার এবং ডাইনেস্টি এয়ারের দুটি হেলিকপ্টার অবতরণের জন্য হেলিপ্যাডের দিকে এগোচ্ছিল। সেই সময় আচমকাই একটির রোটর ব্লেডের সঙ্গে অন্যটির রোটরের ধাক্কা লাগে। তাতেই ঘটে বিপত্তি। কীভাবে দুটি কপ্টার এত কাছাকাছি চলে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে মৃত ব্যক্তির নাম বসন্ত কুমার বালারা মাডু বলে জানা গিয়েছে। তাঁর বয়স ৪৭ বছর। তিনি ভারতীয় নাগরিক। দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৩ বছর বয়সি শৈলেশ কিশন প্যাটেল। তিনি ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক।

তবে মৃত ব্যক্তির পরিচয় ও জাতীয়তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। দুর্ঘটনার পর একটি হেলিকপ্টারে করে মৃতদেহ লুকলা নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পৃথক একটি হেলিকপ্টারে করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সোলুখুম্বু জেলা পুলিশের ডিএসপি নবীনরাজ বুধাথোকি জানিয়েছেন, খুম্বু পাসাং লামু এলাকার ফেরিচে হেলিপ্যাডে অবতরণের সময়ই দুর্ঘটনাটি ঘটে। নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের তথ্য আধিকারিক জ্ঞানেন্দ্র ভুলও দুটি হেলিকপ্টারের সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সামনে এল দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ

দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, অবতরণের আগে দুটি হেলিকপ্টার বিপজ্জনকভাবে কাছাকাছি চলে আসে। এর পরেই তাদের রোটর ব্লেডের মধ্যে সংঘর্ষ হয়। কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, পর্যটক ও পর্বতারোহীদের যাতায়াত, প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া এবং দুর্গম এলাকায় উদ্ধারকাজের জন্য নেপালে ছোট হেলিকপ্টারের ব্যবহার যথেষ্ট বেশি। বিশেষত হিমালয় সংলগ্ন এলাকাগুলিতে এই পরিষেবার উপর নির্ভর করেন বহু পর্যটক। ফলে ফেরিচের এই দুর্ঘটনা ঘিরে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরব সাগরে ভারতীয় নৌসেনার দুঃসাহসিক অভিযান, জলদস্যুদের হাত থেকে মুক্ত ২০ নাবিক

‘বিশ্বকে নেতৃত্ব দিতে পারে ভারত!’ মত কানাডার কার্নির

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *