আচমকা কুনুরের জলস্তর বেড়ে প্লাবিত কৃষিজমি - 24 Ghanta Bangla News
Home

আচমকা কুনুরের জলস্তর বেড়ে প্লাবিত কৃষিজমি

Spread the love

আচমকা এমন বিপর্যয়ে মাথায় হাত চাষিদের। কয়েক দিন আগে কুনুর নদীর জলে বিষক্রিয়ায় মাছের মড়ক দেখা গিয়েছিল। এ বার নদীর জল কৃষিজমিতে ঢুকে পড়ায় ফসলের ক্ষতির পাশাপাশি গবাদি পশুর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। গুসকরা পুরসভার দোনাইপুর এবং আউশগ্রাম-১ ব্লকের উক্তা পঞ্চায়েতের সোঁয়ারা, বাবুরবাঁধ, পিচকুড়ি, উক্তা-সহ কুনুর নদী সংলগ্ন একাধিক এলাকায় জল ঢুকে পড়েছে।অনেক চাষি ইতিমধ্যে জমিতে সর্ষের বীজ ছড়িয়েছিলেন। কোথাও সর্ষের চারা গজাতে শুরু করেছিল। অনেকে মটরশুঁটি ও শশার চাষও করেছিলেন। এখন সেই ফসল নষ্ট হওয়ার উপক্রম। পাকা আমন ধানের জমিও জলের তলায় চলে যাওয়ায় মরশুমের শেষ লগ্নে বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কায় চাষিরা। ক্ষতিগ্রস্ত চাষি সাধন বিশ্বাস বললেন, ‘কী ভাবে আচমকা কুনুরের জল বেড়ে গেল, তা জানি না। অনেক টাকা খরচ করে জমিতে চাষ করেছিলাম। এখন সব নষ্ট হওয়ার মুখে। ক্ষতিপূরণ কে দেবে?’ অন্য এক চাষি প্রদীপকুমার দে বলছেন, ‘কয়েক দিন আগে কুনুরের জলে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। সেই জলেই বিঘার পর বিঘা জমি ডুবে গেল। ফসলের কী হবে? গবাদি পশু ওই জল খেলে অসুস্থ হয়ে মারাও যেতে পারে। অথচ এলাকায় কোথাও এক ফোঁটা বৃষ্টিও হয়নি!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *