Benjamin Netanyahu: ইজরায়েলে নতুন সমীকরণ! বিরোধী নেতার সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের পথে নেতানিয়াহু? | Benjamin Netanyahu May Join Hands With Gadi Eisenkot to Form Government in Israel - 24 Ghanta Bangla News
Home

Benjamin Netanyahu: ইজরায়েলে নতুন সমীকরণ! বিরোধী নেতার সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের পথে নেতানিয়াহু? | Benjamin Netanyahu May Join Hands With Gadi Eisenkot to Form Government in Israel

Spread the love

নেতানিয়াহু-আইজেনকোটImage Credit: Tv9bharatbarsh

জেরুজালেম: ইজরায়েলে (Israel) সংখ্যা গরিষ্ঠতা পায়নি শাসক বা বিরোধী কোনও পক্ষই। সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে সরকার গঠন নিয়ে একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে। জানা গিয়েছে, ক্ষমতা যাতে না হারাতে হয় সব রকম বিকল্প খোলা রাখছেন নেতানিয়াহু। সূত্রের খবর, এবার বিরোধী ও শাসক জোট বেঁধে ইজরায়েলে সরকার গঠন করতে পারে। ইজ়রায়েলের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিরোধী নেতা গাদি আইজেনকোটের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা খোলা রাখছেন বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)।

গত ২৭ অক্টোবর ইজরায়েলের সংসদীয় নির্বাচনের (Israel Election) পর থেকেই সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নেতানিয়াহুর জোট। নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। আগের সংসদে তাদের আসন সংখ্যা ছিল ৬৮। অন্যদিকে, আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলি পেয়েছে বাকি ১৯টি আসন।

অর্থাৎ, বিরোধী জোট ও আরব দলগুলি একসঙ্গে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তবে তারা আদৌ একসঙ্গে সরকার গঠনে রাজি হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। নেতানিয়াহু আগেই ইঙ্গিত দিয়েছেন, আরব দলগুলির সঙ্গে আইজেনকোটের হাত মেলানো দেশদ্রোহিতার সামিল। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, বিকল্প সরকার গঠনের সম্ভাবনা আটকাতেই এমন মন্তব্য করছেন প্রধানমন্ত্রী।

নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন নেতানিয়াহুর দল

সরকার গঠনের আলোচনা চলার পাশাপাশি নির্বাচনের ফল নিয়েও বিতর্ক শুরু হয়েছে। কোনও প্রমাণ ছাড়াই ভোটপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে নেতানিয়াহুর দল লিকুদ। ভোটারদের ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ তোলা হয়েছে। ২৭ অক্টোবর ভোটগ্রহণ শুরুর আগে নগদ টাকা-সহ তিন রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার প্রথম তিন অভিযুক্তের বিরুদ্ধে আরও কড়া বিধিনিষেধ আরোপের জন্য পুলিশের আবেদন খারিজ করে দেন বা তা নিয়ে প্রশ্ন তোলেন এক বিচারক। তাঁদের মধ্যে একজনকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। দ্বিতীয়জনকে আট দিনের জন্য গৃহবন্দি রাখা হয়েছে। তৃতীয়জনের হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়ানো হয়েছে। নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা নিয়েও তদন্ত শুরু করেছে ইজরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেট। নির্বাচন কমিটির অনুরোধে এই তদন্ত শুরু হয়েছে।

আইজেনকোটের অভিযোগ

নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনের ফলকে অবৈধ প্রমাণ করার জন্য পরিকল্পিত প্রচার চালানোর অভিযোগ তুলেছেন আইজেনকোট। তাঁর দাবি, বিরোধী দলগুলিকে কাতার সমর্থন করেছে বলে ইঙ্গিত দিয়েও এই প্রচার চালানো হচ্ছে। যদিও ভোটে প্রভাব খাটানোর উদ্দেশ্যে কোনও কার্যকলাপে অর্থ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে কাতার।

চলতি সপ্তাহেই নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার কথা। বুধবার থেকে নির্বাচিত দলগুলির সঙ্গে আলোচনা শুরু করবেন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এরপর তিনি ঠিক করবেন, কাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে। সরকার গঠনের দায়িত্ব পাওয়া প্রার্থীকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে অন্য দলগুলির সঙ্গে আলোচনা করতে হবে। সেই আলোচনা ব্যর্থ হলে অন্য কোনও প্রার্থীকে সরকার গঠনের সুযোগ দিতে পারেন প্রেসিডেন্ট। শেষ পর্যন্ত কোনও জোট সরকার গঠন করতে না পারলে ফের নির্বাচন হওয়ার সম্ভাবনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *