ফের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর, ২৪ ঘণ্টায় নিহত পাঁচ
এই সময়: ২০২৩–এর গোষ্ঠী সংঘর্ষ প্রাণ কেড়েছিল ২০০–রও বেশি মানুষের। ফের একবার গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। রবিবার পুলিশ জানায়, ২৪ ঘণ্টার মধ্যে মণিপুরে পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। শনিবার মণিপুরের নোনে জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের সঙ্গে গুলিযুদ্ধে প্রাণ গিয়েছে কুকি জনগোষ্ঠীর তিন জনের। গত সপ্তাহের গোড়ার দিকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দু’জন কুকি যুবক, রবিবার সকালে তাঁদের গলাপচা দেহ উদ্ধার হয়েছে কাঙ্গপোকপি জেলা থেকে। দু’টি ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে নাগা গোষ্ঠীর দিকে।
মূলবাসীদের জমির অধিকার নিয়ে কুকি এবং নাগাদের মধ্যে লড়াই অনেক দিন ধরে চলছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কুকি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষর হয়, যার ফলে অস্ত্র পরিত্যাগ করতে বাধ্য হয় কুকিরা। কিন্তু সম্প্রতি নাগাদের দিক থেকে আক্রমণ এবং হেনস্থা বেড়েছে বলে অভিযোগ। আর তাই এই সংঘর্ষবিরতি চুক্তি প্রত্যাহারের দাবিতে ইম্ফলের রাস্তায় মিছিল করছেন শয়ে শয়ে মানুষ। শনিবার নোনে জেলায় কুকি–নাগা সংঘর্ষে তিন জনের প্রাণ যাওয়ার পরে ফের পথে নামেন হাজার হাজার কুকি।
তাঁদের দাবি, কুকিদের সামনে রেখে আদতে নাগাদের সঙ্গে ছায়াযুদ্ধ চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তাই লোকদেখানো সংঘর্ষবিরতি প্রত্যাহার করা হোক। শনিবার যে তাজেইকাইফুন গ্রামে হামলার ঘটনাটি ঘটেছে, সেটা নাগা অধ্যুষিত। কুকি ইনপি মণিপুর (কিম) সংগঠন এই হামলার কড়া নিন্দা করে বলে, ‘নাগারা উস্কানি ছাড়াই যখন–তখন হামলা করছে। কুকি–জ়ো গ্রামবাসীদের পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার।’
এ দিকে, ২৯ অক্টোবর তাফৌ কুকি গ্রাম থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বছর একুশের টি চংলোই এবং ২০ বছরের পাওগিংলাল হাংসিং। তাঁদের খোঁজে তল্লাশি চলাকালীন রবিবার সকালে কাঙ্গপোকপি এবং সেনাপতি জেলার সীমানা সংলগ্ন গ্রামের একটি কলাবাগান থেকে উদ্ধার হয় দুই নিখোঁজ তরুণের বস্তাবন্দি পচাগলা দেহ।
প্রতিবাদী কুকিদের দাবি, ‘নাগা জঙ্গি’রাই এঁদের অপহরণ করে খুন করেছে। এই নিয়ে পুলিশ সুপারের বাড়ির সামনে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাটন এবং কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। মণিপুরের উপ–মুখ্যমন্ত্রী নেমচা কিপগেন এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করে বিস্তারিত তদন্ত এবং দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন। অন্যদিকে মণিপুরেরই অন্য উপ–মুখ্যমন্ত্রী, নাগা জনজাতিভুক্ত লোস্সি দিখোর পদত্যাগের দাবি তুলেছেন কুকিরা।