WTC Points Table: অস্ট্রেলিয়া-বাংলাদেশের হারে কপাল খুলল গিলদের, WTC-তে বর্তমানে কোথায় দাঁড়িয়ে ভারত? | What is the current scenario of WTC points table after AUS, BAN loss? - 24 Ghanta Bangla News
Home

WTC Points Table: অস্ট্রেলিয়া-বাংলাদেশের হারে কপাল খুলল গিলদের, WTC-তে বর্তমানে কোথায় দাঁড়িয়ে ভারত? | What is the current scenario of WTC points table after AUS, BAN loss?

Spread the love

কলকাতা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই আরও জমে উঠল। দক্ষিণ আফ্রিকার কাছে তৃতীয় টেস্টে ১৭৬ রানে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে, পয়েন্টস টেবিলে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। এই ফলের কারণে শীর্ষস্থান থেকে নেমে যেতে হল কামিন্সদের। তাঁদের বদলে এক নম্বরে উঠে এল নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে উঠে এল দক্ষিণ আফ্রিকা। শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজের কাছেও হারতে হয় বাংলাদেশকে। এই দুই দলের হারের ফলে পয়েন্টস টেবিলে কতটা উন্নতি করল ভারত?

বদলে যাওয়া সমীকরণ-

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে পয়েন্টস টেবিলের শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে ছিল নিউজিল্যান্ড এবং তিন নম্বরে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু কেপটাউন টেস্টের ফলাফলে বদলে গেল প্রথম ৩ দলের অবস্থান। এই হারের ফলে অস্ট্রেলিয়ার পয়েন্ট পার্সেন্টেজ (PCT) কমে দাঁড়িয়েছে ৬৯.২৩%। ফলে তিন নম্বরে নেমে গিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, কিউয়িদের পয়েন্ট পার্সেন্টেজ ৭২.২২% হওয়ার ফলে শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট পার্সেন্টেজ এই জয়ের ফলে বেড়েছে। তাদের বর্তমান পয়েন্ট পার্সেন্টেজ ৭১.৪৩%। ফলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন প্রোটিয়ারা। ৫ নম্বর থেকে এখন একধাপ উঠে ৪ নম্বরে আছে গিলের ভারত।

দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া-

শনিবার ২২৮ রান তাড়া করতে নেমে ১১১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে সর্বোচ্চ রান করেছেন নাথান লিয়ঁ (৩৭ নঃআঃ)। তবে অজিদের ইনিংস একাই ধসিয়ে দিয়েছেন স্পিনার সাইমন হার্মার। ২১.১ ওভার বল করে ১৪টি মেডেন ওভারসহ ১৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন হার্মার। ৩টি উইকেট পেয়েছেন রাবাডা। এই ম্যাচ জিতে অজিদের বিরুদ্ধে ঘরের মাঠে ২-১ সিরিজ জিতল প্রোটিয়ারা।

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ-

বাংলাদেশের শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৭২ রান করেছিল বাংলাদেশ। ১০৫ রান করেন ওপেনার শাদমান ইসলাম। জবাবে মাত্র ২৪৫ রানেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস। ৫৪ রান করেন ওপেনার জন ক্যাম্পবেল ও ৫৬ রান করেন তেজনারায়ণ চন্দ্রপল। ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪২ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ১৭০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ব্রেন্ডন কিং (৮১ নঃআঃ), ক্যাম্পবেল (৪৯) ও হজের (৩১ নঃআঃ) ব্যাটে ভর করে ২ উইকেট হারিয়ে এই রান তুলে দেয় ক্যারিবিয়ানরা। এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট পার্সেন্টেজ বেড়ে হয়েছে ২৬.৯২%। তারা এখনও রয়েছে অষ্টম স্থানেই। তাদের আগে আছে শ্রীলঙ্কা, যাদের পয়েন্ট পার্সেন্টেজ ৩৩.৩৩%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *