Jadavpur University: ফের যাদবপুর! শিক্ষাকর্মীর বিরুদ্ধেই উঠল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, ঠিক কী ঘটেছে? | Jadavpur University: Student Alleges Assault Against Teaching Staff inside University Campus
কলকাতা: শিক্ষাঙ্গনে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। ফের যাদবপুরে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরেই এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষাকর্মীর বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক শিক্ষাকর্মী শ্লীলতাহানি করেছেন, এমনটাই অভিযোগ তুলেছেন ওই ছাত্রী। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে। ছাত্রীর অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যায় কয়েকজন ছাত্র-ছাত্রী মিলে টেকনোলজি ভবনের চারতলায় বসেছিলেন। সেই সময় ওই শিক্ষাকর্মী তাঁদের সেখান থেকে সরে যেতে বলেন। বাকিরা নিচে নেমে গেলেও, ওই ছাত্রী আরও উপরের তলায় উঠে যান।
অভিযোগ, এরপর ওই শিক্ষাকর্মী ওপর তলায় গিয়ে ছাত্রীকে নিচে নামিয়ে আনেন। সেই সময়ই ছাত্রীর শ্লীলতাহানি করা হয়। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অভিযোগ জমা পড়েছে। অভিযোগপত্রে ছাত্রী শ্লীলতাহানি, যৌন হেনস্থার মতো অভিযোগ এনেছেন। অভিযোগ পাওয়ার পরই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা আইসিসি-র কাছে তদন্তের জন্য পাঠিয়েছেন উপাচার্য।
জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ছাত্রীকে পুলিশে অভিযোগ দায়ের অথবা আইসিসির দ্বারস্থ হওয়ার—দুই পথের কথাই জানানো হয়েছিল। তবে ওই ছাত্রী আপাতত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতেই অভিযোগ জানিয়ে তদন্তের পথ বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে।
উপাচার্যের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অন্যান্য অভিযোগের মতোই এই ঘটনাতেও নিয়ম মেনে তদন্ত হবে।
উল্লেখ্য, এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিকবার শ্লীলতাহানি ও হেনস্থার অভিযোগ উঠেছে। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের ভিত্তিতে তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।