মরা নদীতে ফিরল প্রাণ! IAS অফিসারের হাত ধরে পুনর্জন্ম পেল সিঙরি
দূষণ আর আবর্জনায় একসময়ের জীবনদায়ী নদী রূপ নিয়েছিল দুর্গন্ধময় নালায়। সেই মরা সিঙরি নদীই মাত্র চার মাসে এবং পাঁচ কোটি টাকারও কম খরচে ফিরে পেল নতুন জীবন। মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলা পঞ্চায়েতের সিইও, আইএএস অফিসার গজেন্দ্র সিং নাগেশের নেতৃত্ব এবং স্থানীয় পঞ্চায়েতগুলির যৌথ উদ্যোগে এই অসাধ্যসাধন সম্ভব হয়েছে। নর্মদার এই উপনদী পুনরুজ্জীবিত হওয়ায় উপকৃত হচ্ছেন হাজারেরও বেশি গ্রামবাসী।
নিকাশি নালা, জবরদখল ও বর্জ্যের স্তূপে নদীটি দীর্ঘদিন ধরে মৃতপ্রায় ছিল। ২০২৫ সালের শেষ দিকে দায়িত্ব নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে কাজে নামেন নাগেশ। তিনি ভরসা রাখেন গ্রামীণ শ্রমদান এবং ধার করা যন্ত্রপাতির উপর। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদীপাড়ের দখল উচ্ছেদ করা হয়। প্রায় ৪.৮ কোটি টাকা ব্যয়ে ২৬টি ছোট প্রকল্পের মাধ্যমে পঞ্চায়েতগুলি সরাসরি কাজের দায়িত্ব নেয়। কংক্রিট ছাড়াই পাথর দিয়ে প্রায় ২,০০০ মিটার নদীপাড় বাঁধানো হয়।
বর্জ্য ঠেকাতে গ্রামবাসীদের মানসিকতা বদলাতে বাড়ি বাড়ি প্রচার চালানো হয়। খোলা জায়গায় শৌচকর্ম বন্ধে জরিমানা ও নজরদারি শুরু হয়। নদীর মুখে তৈরি হচ্ছে বিদ্যুৎহীন ছয়টি প্রাকৃতিক ফিল্ট্রেশন প্ল্যান্ট। সেখানে পাথর, বালি ও বিশেষ জলজ উদ্ভিদের মাধ্যমে নোংরা জল পরিশোধন হয়ে নদীতে মিশছে। নকতুয়া পঞ্চায়েতে বর্জ্য প্লাস্টিক দিয়ে পেভার ব্লক তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
নদী সংস্কারের পর পাড়ে তৈরি হয়েছে ওপেন থিয়েটার, বসার জায়গা ও বসানো গাছের সারি। দীর্ঘ কয়েক দশক পর নদীর জলে আবার ফিরতে শুরু করেছে মাছ। সম্প্রতি নদীর ঘাটে প্রদীপ ভাসিয়ে উৎসবের মেজাজে মেতে ওঠেন হাজার হাজার গ্রামবাসী।