ছিটকে গেলেন ঋষভ পন্থ, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে ধ্রুব? - 24 Ghanta Bangla News
Home

ছিটকে গেলেন ঋষভ পন্থ, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে ধ্রুব?

Spread the love

১৯ নভেম্বর থেকে শুরু হবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়। তার আগে চিন্তা বাড়ল ভারতের। কিউয়িদের বিরুদ্ধে মাল্টি-ডে ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি সারছে ভারতের প্লেয়াররা। সেই বেসরকারি টেস্ট সিরিজ়ের তৃতীয় ম্যাচে খেলার কথা ছিল ঋষভ পন্থের। কিন্তু চোট সারিয়ে এখনও পুরোপুরি ফিট হননি তিনি। ৭ নভেম্বর থেকে শুরু হতে চলা এই টেস্ট থেকে ছিটকে গেলেন পন্থ। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য এখনও ছাড়পত্র পাননি তিনি। প্রশ্ন উঠছে, আদৌ প্রথম টেস্টে খেলতে পারবেন পন্থ? তাঁর জায়গায় ভারতের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়ছে ধ্রুব জুরেলের।

পন্থের ফিটনেস নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ BCCI

ইরানি কাপের ফাইনালে চোট পেয়েছিলেন পন্থ। তার পর থেকেই তাঁর ফিটনেসের উপরে নজর রাখছে BCCI-এর মেডিক্যাল টিম। আপাতত স্কিল ট্রেনিং শুরু করেছেন তিনি। ব্যাটিং বা উইকেটকিপিংয়ের সময় ব্যথা অনুভব করছেন না বলেও জানা গিয়েছে। তবে চোটের সঙ্গে সম্পর্কিত কোনও ক্লিনিক্যাল উপসর্গ ধরা পড়েনি।

একাধিক রিপোর্টে প্রকাশ, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে পন্থকে তিন থেকে চারটি প্র্যাকটিস সেশন পূরণ করতে হবে। সেখানে তাঁর ফিটনেস, ব্যাটিং ও উইকেটকিপিংয়ের দক্ষতা খতিয়ে দেখবেন টিমের মেডিক্যাল ও সাপোর্ট স্টাফরা। তার পরে পন্থের মাঠে ফেরার তারিখ জানা যাবে। তাঁর চোট যাতে না বাড়ে, তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।

পন্থের বদলে ভারতের প্রথম একাদশে সুযোগ পাবেন ধ্রুব জুরেল?

নিউ জ়িল্যান্ড ‘A’ দলের বিরুদ্ধে তৃতীয় বেসরকারি টেস্টে খেললে সিনিয়র দলের হয়ে নামার আগে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পেতেন তিনি। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হওয়ায় তাঁর প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠছে। প্রথম ম্যাচের আগে ফিট হয়ে উঠলেও পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পন্থের সময় লাগতে পারে।

এমন পরিস্থিতিতে প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ধ্রুব জুরেল। নিউ জ়িল্যান্ড ‘A’ দলের বিরুদ্ধে বিরুদ্ধে ক্রাইস্টচার্চে দ্বিতীয় বেসরকারি টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে দলকে বাঁচিয়েছেন ধ্রুব। তাই পন্থের জায়গায় স্পেশ্যালিস্ট উইকেটকিপার-ব্যাটার হিসেবে তাঁকে খেলাতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *