‘অন্য কাউকে বিয়ে করে নাও…’, রকিকে কেন এমন বলেছিলেন হিনা?
দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেম। একসঙ্গে পথ চলার পরে অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হিনা খান ও রকি জয়সওয়াল। তবে বিয়ে করার আগে নাকি কোনও পরিকল্পনা করেননি তাঁরা। বরং জীবনের অনিশ্চয়তা থেকেই আচমকা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। স্তন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মধ্যেই রকির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী। এ বার সেই বিয়ের নেপথ্যের অজানা গল্পই শোনালেন হিনা।
সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার নতুন অনুষ্ঠান ‘Serving It Up with Sania’-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন হিনা। সেখানে নিজের বিয়ের একটি ছবি দেখে পুরনো দিনের স্মৃতিতে ফিরে যান অভিনেত্রী। সানিয়া জানতে চান, মাত্র ১৫ মিনিটের মধ্যেই কি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা? উত্তরে হিনা জানান, ১৫ মিনিট নয়, তারও কম সময়ে সবটা হয়ে গিয়েছিল।
হিনা বলেন, অসুস্থতার সময় রকিকে তিনি জানিয়েছিলেন, হয় তিনি নিজের জীবনে এগিয়ে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নিন, নয়তো তাঁকেই বিয়ে করুন। কারণ, আগামী দিনে কী হতে চলেছে, তা তিনি জানতেন না। ক্যান্সারের চিকিৎসার মধ্যে জীবনের অনিশ্চয়তা তাঁকে তাড়া করছিল। তাই আর অপেক্ষা না করে সম্পর্ককে আইনি স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী