ভুটানে ‘গ্লফ’, ৭৪ লক্ষ ঘনমিটার জলের ধাক্কা
ভুটান কেন ঝুঁকিপ্রবণ
ভূমিরূপ বিশেষজ্ঞ সুজীব করের কথায়, ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি)-এর বিজ্ঞানীরা ২০২০–র একটি গবেষণায় দেখিয়েছিলেন, ভুটানে ২,৫৭৪টি হিমবাহ হ্রদ রয়েছে। ১৯৬০-এর দশকের তুলনায় সে দেশে এই রকমের হ্রদের সংখ্যা বেড়েছে ১৭.৭ শতাংশ এবং আয়তন বেড়েছে ২০.৩ শতাংশ। ২০২৬–এর একটি গবেষণায় ৬৪টি হ্রদকে গ্লফের ক্ষেত্রে উচ্চ বা অতি উচ্চ ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’
ভুটানের উত্তরাংশে উচ্চ হিমালয়ের খাড়া ঢাল এবং ‘লায়া থ্রাস্ট’ নামের ভুটানের উত্তর-পশ্চিমাঞ্চলের চ্যুতিরেখাটিও বিপদের অন্যতম কারণ। হ্রদের পাশে রয়েছে বরফের দেওয়াল, হিমবাহ ও পাথরের স্তূপ। জলবায়ু পরিবর্তনের জেরে হিমবাহ গলে নতুন হ্রদ তৈরি হচ্ছে, পুরোনো হ্রদগুলির আয়তনও বাড়ছে। ফলে কোনও হ্রদে বরফ বা পাথরের স্তূপ ধসে পড়লে কিংবা প্রাকৃতিক বাঁধ দুর্বল হয়ে ভেঙে গেলে মুহূর্তে বিপুল জলরাশি নীচে নেমে আসতে পারে।