বেঙ্গালুরুর হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই বিদেশির, আহত আরও দু’জন
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় হালাসুরু এলাকার কনরাড হোটেলে এই ঘটনা ঘটে। মৃতদের…
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় হালাসুরু এলাকার কনরাড হোটেলে এই ঘটনা ঘটে। মৃতদের মধ্যে এক জন জার্মানির বাসিন্দা এবং অন্য জন স্লোভাকিয়ার নাগরিক। কী ভাবে সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেলের তৃতীয় তলায় থাকা সুইমিং পুলে ঘটনাটি ঘটে। মৃতদের পরিচয় অ্যালেক্সান্ডার ম্যাক্সিমিলিয়ান থাইস (৫৭) এবং জুরাজ হরভাট (৪৫)। অ্যালেক্সান্ডার জার্মানির নাগরিক এবং লুফথানসা বিমান সংস্থার বিমানকর্মী ছিলেন। অন্য দিকে, স্লোভাকিয়ার বাসিন্দা জুরাজ একটি প্রকল্পের দায়িত্বে আইবিএম সংস্থায় কর্মরত ছিলেন।
দু’জনকে বিপদে পড়তে দেখে উদ্ধারের চেষ্টা করেন আরও কয়েক জন। সেই সময় আহত হন দুই ব্যক্তি। তাঁদের মধ্যে রয়েছেন আমেরিকার নাগরিক ম্যাথিউ ডেসান্টিস (৪১), যিনি ওই হোটেলেই ছিলেন। অন্য জন রাহুল তিওয়ারি (২৮)। তিনি হোটেলের সুইমিং পুলের পরিচারক ও প্রশিক্ষিত জীবনরক্ষী হিসেবে কাজ করতেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহতেরা
আহত দু’জনকে দ্রুত মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেঙ্গালুরু পুলিশের দাবি, তাঁদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং তাঁরা বিপদমুক্ত। কী কারণে সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটল, তা এখনও নিশ্চিত নয়।
ঘটনার পর মামলা রুজু করেছে বেঙ্গালুরু পুলিশ। হোটেলের সুইমিং পুলের বৈদ্যুতিক সংযোগ-সহ সংশ্লিষ্ট পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সন্দেহ করা হলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশ: ২৫০ সিসিটিভি ও এআই ক্যামেরায় মুড়ে ফেলল দিল্লি পুলিশ
দারিদ্র্যের হার কমিয়ে ভারত ২.৬ শতাংশে! পাকিস্তানে দারিদ্র পৌঁছল ২৩ শতাংশে