পিছিয়ে গেল CEC-এর ‘পাবলিক ইমপিচমেন্ট’, INDIA ব্লকের ‘মক পার্লামেন্ট’-এ ফের বাধা হয়ে দাঁড়াল কে? - 24 Ghanta Bangla News
Home

পিছিয়ে গেল CEC-এর ‘পাবলিক ইমপিচমেন্ট’, INDIA ব্লকের ‘মক পার্লামেন্ট’-এ ফের বাধা হয়ে দাঁড়াল কে?

Spread the love

শেষ মুহূর্তে পিছিয়ে গেল প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে INDIA জোটের প্রস্তাবিত ‘পাবলিক ইমপিচমেন্ট’ অর্থাৎ মক পার্লামেন্ট কর্মসূচি। শুক্রবারই জ্ঞানেশ কুমার ও শাসক শিবিরের বিরুদ্ধে আক্রমণ আরও জোরালো করার পরিকল্পনা করেছিল বিরোধী শিবির। কিন্তু এই কর্মসূচির পথে শাসক শিবির নয়, খোদ বাধা হয়ে দাঁড়িয়েছেন বরুণদেব। দিল্লিতে প্রবল বৃষ্টির কারণে পিছিয়ে গেল এই কর্মসূচি। তবে এ দিন না হলেও আগামিকাল অর্থাৎ শনিবারই এই ‘পাবলিক ইমপিচমেন্ট’ কর্মসূচি করা হবে জানিয়েছে ইন্ডি জোটয

নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনেই এই প্রতীকী কর্মসূচি হওয়ার কথা ছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এবং ‘ভোট চুরি’র অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদেই এই উদ্যোগ বিরোধীদের।

শুক্রবার সকাল ১০টায় ১০, রাজাজি মার্গে খাড়্গের বাসভবনে কর্মসূচিটি হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে তা শেষ মুহূর্তে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিরোধী জোটের পরিকল্পনা অনুযায়ী, এই মক পার্লামেন্ট-এ প্রাক্তন লোকসভার স্পিকার মীরা কুমারের সভাপতিত্ব করার কথা ছিল। পরিকল্পনা অনুযায়ী, তাঁর নেতৃত্বেই চলবে এই প্রতীকী শুনানি। কেন তাঁরা জ্ঞানেশকে ইমপিচ করতে চাইছেন, সেই ব্যাখ্যা দিয়ে ‘মক সংসদীয় ডিবেট’ শুরু করবেন রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়গে। তার পরে বিভিন্ন বিরোধী দলের প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। বিতর্ক শেষ করবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

এই কর্মসূচির পিছনে রয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের একাধিক অভিযোগ। তাদের দাবি, SIR প্রক্রিয়ায় বহু ভোটারের নাম বাদ পড়েছে এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে গিয়ানেশ কুমার সেই অভিযোগগুলির যথাযথ সমাধান করেননি বলেও অভিযোগ INDIA জোটের। তাঁর অপসারণের দাবিতেই সরব হয়েছে বিরোধীরা। যদিও এই অভিযোগগুলি অস্বীকার করে আসছে নির্বাচন কমিশন।

প্রথমে দিল্লির অশোকা হোটেলে এই কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছিল বিরোধীরা। পরে সেখানে অনুমতি না মেলায় রামলীলা ময়দানকে বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়। সেখানেও অনুমতি সংক্রান্ত জটিলতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত খাড়্গের বাসভবনে কর্মসূচি সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও এ দিন বাধ সাধল বৃষ্টি। তবে এতে দমে না গিয়ে শনিবারই এই কর্মসূচি পালন করবে ইন্ডিয়া ব্লক বলে নিশ্চিত করা হয়েছে। সূত্রের খবর, বিজেপি ও কেন্দ্রীয় সরকারের ইশারায় মুখ্য নির্বাচন কমিশনার কী ভাবে ‘ভোট চুরি’ করছেন, তা বোঝাতে পরে সোশ্যাল মিডিয়ায় ‘মক পার্লামেন্ট’–এর ভিডিয়ো শেয়ার করবেন বিরোধীরা।

শুধু এই প্রতীকী ইমপিচমেন্ট নয়, আগামী ১ নভেম্বর দিল্লিতে বড়সড় প্রতিবাদ মিছিলেরও পরিকল্পনা করেছে কংগ্রেস। ‘দিল্লি চলো’ নামে এই কর্মসূচি রামলীলা ময়দানে শেষ হওয়ার কথা। অন্তত ১০ লক্ষ মানুষকে জমায়েত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দল। কথিত ভোট চুরি এবং SIR-এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *