ক্যাম্পাসে হামলার বিরুদ্ধে সরব অমর্ত্য–সহ বিশিষ্টরা - 24 Ghanta Bangla News
Home

ক্যাম্পাসে হামলার বিরুদ্ধে সরব অমর্ত্য–সহ বিশিষ্টরা

Spread the love

এই সময়: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ১৯ অগস্ট গভীর রাতে এবং ২০ অগস্ট বিকেলে ক্যাম্পাসের ভিতরে ও বাইরে তাণ্ডব চালায় একদল বহিরাগত। এই তাণ্ডবের জেরে নন্দলাল বসুর নকশা করা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রতীকটিও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অমর্ত্য সেন জানিয়েছেন, ‘হিংসা থেকে মুক্তি আমাদের সকলের অধিকার।’

এই নজিরবিহীন হামলার প্রতিবাদ জানিয়ে জেইউ গ্লোবাল অ্যালুমনি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা শুভেন্দু ভদ্রকে একটি ইমেল পাঠিয়েছেন অমর্ত্য। প্রাক্তন ছাত্র, শিক্ষক এবং কর্মচারীদের দ্বারা বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তাঁর বার্তাটি পাঠ করেন প্রাক্তনী শিবাজী দে।

চিঠিতে অমর্ত্য সেন লিখেছেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভয়ানক হামলার কথা শুনে আমি স্তম্ভিত। রাজনৈতিক হিংসা থেকে মানুষকে রক্ষা করার প্রয়োজনীয়তা এর আগে এতটা বেশি ছিল না। দেশের অন্যদের পাশাপাশি বিভিন্ন ক্যাম্পাসে পাঠরত শিক্ষার্থীদেরও সমর্থন প্রয়োজন।’ ১৯৫৬–য় এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে শিক্ষকতা শুরু করেছিলেন তিনি।

সেই স্মৃতি রোমন্থন করে অমর্ত্য লিখেছেন, ‘৭০ বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়েই আমি আমার শিক্ষকতা জীবন শুরু করেছিলাম এবং এই মহান বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার একাত্মতা অত্যন্ত গভীর। হিংসা থেকে মুক্তি এমন একটি অধিকার যা আমরা সবাই ভাগ করে নিই। যে সংকীর্ণ সাম্প্রদায়িক চিন্তাধারা থেকে এই হিংসা ছড়ানো হয়েছে, তার নিঃশর্ত ও তীব্র নিন্দা প্রয়োজন।’

এ দিনের সাংবাদিক বৈঠকে প্রাক্তনী ও শিক্ষকরা এসআরএফটিআই, জেএনইউ, জামিয়া মিলিয়া, প্রেসিডেন্সির মতো শিক্ষা প্রতিষ্ঠানে ক্রমাগত আক্রমণ এবং ‘আইএসআই বিল ২০২৬’-এর মাধ্যমে প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন খর্ব করার চেষ্টারও তীব্র সমালোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক তরুণকান্তি নস্কর বলেন, ‘যখন ভয়ের পরিবেশ তৈরি হয়, তখন জ্ঞানচর্চার মুক্ত পরিবেশ বিঘ্নিত হয়। শিক্ষা ও গবেষণার জন্যে প্রয়োজনীয় অর্থ প্রদান না করে সরকারের কেবল নিয়ন্ত্রণ প্রয়োগের চেষ্টা চরম নিন্দনীয়। আমরা খুব শিগগিরই শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়ে একটি কনভেনশন আয়োজন করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *