ভারতের মাটি থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন পরীক্ষা করার পরিকল্পনা জাপানের
জাপানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, তারা ভারতের মাটি থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন পরীক্ষা করার পরিকল্পনা করছেন (Japan India Missile Test)। এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের…
জাপানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, তারা ভারতের মাটি থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন পরীক্ষা করার পরিকল্পনা করছেন (Japan India Missile Test)। এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সম্ভাব্যতা যাচাই করতে জাপান ভারতে কর্মকর্তাদের একটি দল পাঠিয়েছে। এই কর্মকর্তাদের উদ্দেশ্য হলো, জাপান তাদের দূরপাল্লার, উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ ড্রোনগুলোর পরীক্ষা ভারতে পরিচালনা করতে পারবে কি না, তা মূল্যায়ন করা। প্রতিবেদন অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে ‘টাইপ-২৫’ ক্ষেপণাস্ত্র, যা একটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
জাপানের কেন ভারতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রয়োজন?
- চিনকে মোকাবিলা করার জন্য জাপান দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার গড়ে তুলছে।
- জাপানের সামনে চ্যালেঞ্জ হলো, এটি একটি ছোট ও ঘনবসতিপূর্ণ দেশ; এখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আক্রমণকারী ড্রোন পরীক্ষার জন্য পর্যাপ্ত জায়গা নেই।
- জাপানে সরাসরি গোলাবর্ষণের মহড়া চালানোর মতো পর্যাপ্ত পরীক্ষাক্ষেত্রের অভাব রয়েছে।
- উত্তর কোরিয়া, চিন ও রাশিয়ার পক্ষ থেকে আসা হুমকির পরিপ্রেক্ষিতে জাপান আবারও নিজেদের সামরিক সক্ষমতা জোরদার করছে – বিশেষ করে, তারা পাল্টা আঘাত হানার সক্ষমতা গড়ে তুলছে।
জাপানের গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের (জিএসডিএফ) একজন কর্মকর্তা এই রিপোর্টটির সত্যতা নিশ্চিত করেছেন। রাজধানী টোকিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএসডিএফ-এর চিফ অব স্টাফ জেনারেল মাসায়োশি আরাঈ নিশ্চিত করেন যে, জাপানি কর্মকর্তারা ভারতে গিয়েছেন। তাঁদের সফরের উদ্দেশ্য হলো – ১,০০০ কিলোমিটার পাল্লার ‘টাইপ-২৫’ জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি ভারতে পরীক্ষা করা সম্ভব কি না, তা যাচাই করা। তিনি বিষয়টিকে একটি “বড় চ্যালেঞ্জ” হিসেবে অভিহিত করেছেন।
- চিনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ রয়েছে এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্রে দেশটির ব্যাপক অভিজ্ঞতা রয়েছে; আর এ কারণেই জাপান ভারতের ওপর আস্থা রাখে।
- জাপান চাইলে ওড়িশার চণ্ডীপুর বা আব্দুল কালাম দ্বীপ থেকে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারে।
- জাপান কেবল ভারতের কাছ থেকেই সহায়তা পাচ্ছে তা নয়; বরং তারা অস্ট্রেলিয়ার সঙ্গেও অনুরূপ একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে।
এনএইচকে (NHK)-এর একটি প্রতিবেদন অনুযায়ী, জাপানি কর্মকর্তারা এই মাসের শুরুর দিকে প্রায় এক সপ্তাহের জন্য ভারত সফর করেছেন। এই সফরের সময় তাঁরা বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেন। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আরাই উল্লেখ করেন যে, ভারতে অবস্থানকালে জাপানি কর্মকর্তারা ছোট আকারের ‘অ্যাটাক ড্রোন’ (হামলাকারী ড্রোন) পরীক্ষার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন।