অসমের লোকালয়ে ঢুকল বক্সার বাঘিনি
পিনাকী চক্রবর্তী, বক্সা
শিলাদিত্য সাহা, কলকাতা
উত্তরবঙ্গের বক্সা বাঘ দেখতে চেয়েছিল। অসমের রাজেন্দ্রপুর চায়নি।
অথচ ঘটে গেল ঠিক উল্টো!
বক্সায় অঘোষিত রেড অ্যালার্ট। কারণ বাঘ পালিয়েছে। এ দিকে রাজেন্দ্রপুরেও রেড অ্যালার্ট। কারণ লোকালয়ে বাঘ ঢুকেছে!
গত ২৫ অক্টোবরেই ‘এই সময়’ সংবাদপত্রের প্রতিবেদনে প্রথম জানানো হয়েছিল, উত্তরবঙ্গের বক্সা টাইগার রিজ়ার্ভ থেকে হাঁটতে হাঁটতে রায়ডাক, সঙ্কোশ নদী পেরিয়ে পড়শি অসমের কোকরাঝাড়ে, রায়মোনা টাইগার রিজ়ার্ভ এলাকায় ঢুকে পড়েছে বিহার থেকে উড়িয়ে আনা সাড়ে তিন বছরের বাঘিনি। বঙ্গের বন দপ্তর প্রাথমিক ভাবে সেই তথ্যে সিলমোহর না–দিলেও অসমের বনকর্তারা সাফ জানিয়েছিলেন, বাংলা থেকে স্যাটেলাইট রেডিয়ো কলার পরা একটি বাঘিনি তাদের এলাকায় এসেছে।