Calcutta High Court: মোদী-আদানির ভিডিয়ো সরানোর নির্দেশ
আদালত জানিয়েছে, সংশ্লিষ্ট পক্ষ, তাদের সহযোগী এবং তাদের নির্দেশে কাজ করা ব্যক্তিরা ভিডিয়োটি বা তার ক্লিপ, সংক্ষিপ্ত সংস্করণ কিংবা মূল ভিডিয়োর সঙ্গে বস্তুগত ভাবে অভিন্ন কোনও সংস্করণ প্রকাশ বা প্রচার করতে পারবেন না। এই ভিডিয়োয় থাকা মানহানিকর বক্তব্য এবং তার অনুরূপ বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম–সহ সংশ্লিষ্ট সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, চ্যানেল ও পেজ থেকে অবিলম্বে ভিডিয়োটি সরাতে বলেছে আদালত। এ ছাড়া সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির গ্রাহক-পরিচয়, নিবন্ধনের তথ্য, আপলোডের সময়কার আইপি লগ এবং অ্যাক্সেস লগ সংরক্ষণ করারও নির্দেশ দিয়েছে আদালত। যে সব অ্যাকাউন্টের ব্যবহারকারীর পরিচয় স্পষ্ট নয়, তাদের প্রাথমিক তথ্য দু’সপ্তাহের মধ্যে সিল করা খামে হলফনামা দিয়ে জমা দিতে হবে। আদানি গোষ্ঠীর তরফে আইনজীবীদের সওয়াল, ২০০০ সালে আদানিদের মুম্বই বিমানবন্দরের বরাত পাওয়ার বিষয়টি নিয়েও ২০২৬–এ তৈরি এই ভিডিয়োতে প্রশ্ন তোলা হয়েছে। তাঁদের অভিযোগ, ‘আইন অর্থের কাছে মাথা নত করে— এমন বক্তব্যের মাধ্যমেও আমাদের মক্কেলকে অসম্মান করা হয়েছে।’ শুধু ব্যবসায়িক বরাত বা সম্পত্তি বৃদ্ধির অভিযোগ নয়, মুন্দ্রা বন্দরে মাদক উদ্ধারের ঘটনাকেও ভিডিয়োতে যে ভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়েও আপত্তি জানায় আদানি গোষ্ঠী। আইনজীবীদের অভিযোগ, ভিডিয়োটি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। একটি প্ল্যাটফর্মেই ভিডিয়োটির দর্শকসংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার ছাড়িয়ে গিয়েছে বলে আদালতে জানান আইনজীবীরা। তাঁদের দাবি, আদালতে মামলা চললেও ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবং তা নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা নিজেদের মতামত দিচ্ছেন।