মৃত প্রমাণ করতে ‘এআই’ ব্যবহার, খুনের সাজা থেকে বাঁচতেই কি এমন গল্প ফাঁদলেন যুবক? - 24 Ghanta Bangla News
Home

মৃত প্রমাণ করতে ‘এআই’ ব্যবহার, খুনের সাজা থেকে বাঁচতেই কি এমন গল্প ফাঁদলেন যুবক?

Spread the love

গল্প হলেও সত্য ঘটনা। খুনের সাজা থেকে বাঁচতে নিজেরই মৃত্যু কাহিনী ফাঁদলেন উত্তরপ্রদেশের বাসিন্দা রাজকুমার রাজভর। পুলিশ সূত্রে খবর, এক ব্যক্তিকে গুলি করে হত্যার মামলায় জামিন পেয়েছিলেন রাজকুমার। সেই সুযোগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই ব্যবহৃত) ব্যবহার করে নিজের মৃত্যুর গল্প তৈরি করেন। রবিবার পুলিশ রাজকুমারকে গ্রেপ্তার করেছেন।

স্থানীয় সূত্রে খবর, ২০১৬ সালে ১৯ ডিসেম্বর মুন্সিপুরা রেললাইনের কাছে যোগেশ সিং নামে বছর ৩৮-এর এক ব্যক্তিকে গুলি করে খুন করে রাজকুমার। এই ঘটনায় নিহতের ভাগ্নে অবিনাশ সিং স্থানীয় থানায় অভিযোগ জানান। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতেই রাজকুমার রাজভর এবং তার বন্ধু সুদর্শন রাজভরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্তরা পরে জামিন পেয়েছিলেন তাঁরা। সেই সময়েই খুনের সাজা থেকে বাঁচতে এআই ব্যবহার করে নিজের মৃত্যুর গল্প সাজান রাজকুমার।

পুলিশ সূত্রে খবর, রাজকুমার রাজভর ২০২৫ সালের ৩০মে গাজিপুরে নিজের মৃত্যু নিয়ে গল্প ফাঁদার জন্য এআই-এর সাহায্য নিয়ে পরিকল্পনাটি তৈরি করেছিলেন। শ্মশানে তিনি চিতায় শুয়ে আছেন, এমন ছবি এআই দিয়ে তৈরি করেন। তবে পুলিশ জানিয়েছে, মৃতদেহের জায়গায় একটি ছাগলকে দাহ করা হয়েছিল। এমনকী মৃত্যুর ঘটনাটি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য শেষকৃত্যের ছবিও তৈরি করা হয়েছিল।

রাজকুমার ও তাঁর বন্ধু জামিন পেলেও পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে, কোতোয়ালি নগর থানার পুলিশ ২৫ অক্টোবর রবিবার সকাল ৯টা নাগাদ খাজা জাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করে রাজকুমারকে। পুলিশ সুপার অনুপ কুমার জানান, রাজকুমার রাজভর শেয়ার বাজারের একজন ব্যবসায়ী। তিনি বিভিন্ন শহরের শেয়ারে বিনিয়োগের নাম করে টাকা সংগ্রহও করেছিলেন। পুলিশের অভিযোগ, হত্যা মামলা ও টাকা ফেরত দেওয়া থেকে বাঁচতে মৃত্যুর গল্প ফেঁদেছিলেন তিনি। বর্তমানে রাজকুমারের বিরুদ্ধে প্রতারণা করার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *