পাঁচিল টপকে, তালা ভেঙে জামিয়ার ক্যাম্পাসে প্রবেশের অভিযোগ, দুই কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দায়ের FIR
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কংগ্রেসের দুই বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের করলেন জামিয়া মিলিয়া ইসলামিয়া (JMI) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ, ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে জামিয়াতে যে বিক্ষোভ চলছে, তাতে অংশ নিতে এসে বিশ্ববিদ্যালয়ের পাঁচিল টপকে এবং তালা ভেঙে ভেতরে ঢুকেছেন ওই দুই সাংসদ। জানা গিয়েছে, কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ এবং ইমরান প্রতাপগড়ির বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এর পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের ৭ নম্বর গেটের বাইরে থেকে একাধিক পড়ুয়াকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ পড়ুয়াদের একাংশের ।
জামিয়ার রেজিস্ট্রার মহতাব আলম রিজ়ভির দাবি, দু’দিন আগে কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি এবং ইমরান মাসুদ পাঁচিল টপকে এবং বিশ্ববিদ্যালয়ের তালা ভেঙে ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের উস্কানি দেন। তাতেই ক্যাম্পাসে অশান্তি শুরু হয়। ক্যাম্পাসের দেওয়ালে ‘আজাদ কাশ্মীর’–এর মতো বিতর্কিত স্লোগান লেখা হয়েছে বলেও অভিযোগ। এর পরেই এই দুই কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অন্য দিকে SFI-এর অভিযোগ, পড়ুয়াদের আটক করেছে পুলিশ। SFI-এর তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানানো হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের ৭ নম্বর গেটের বাইরে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। তারাই একাধিক পড়ুয়াদের আটক করেছে বলে অভিযোগ। এর পাশাপাশি, সাত নম্বর গেটের কাছ থেকে বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে দেওয়া বলেও অভিযোগ। এমনকী, পড়ুয়াদের ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ একাংশের।
অন্য দিকে, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে শনিবার থেকেই অনলাইন ক্লাস চালু হয়েছে জামিয়ায়। ইউনিভার্সিটির তরফে জানানো হয়, পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে, এই সিদ্ধান্তে পড়ুয়াদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। এবিন বাসিল নামে এক ছাত্রের দাবি, ‘পড়ুয়াদের মধ্যে বিভেদ ঘটাতেই অনলাইন ক্লাসের সিদ্ধান্ত!’ আইসার সেক্রেটারি সৌরভ ত্রিপাঠীরও অভিযোগ, অন্য পড়ুয়ারা যাতে বিক্ষোভে যোগ দিতে না পারে, তা নিশ্চিত করতেই অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ২০০৬ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল জামিয়া মিলিয়া ইসলামিয়া ছাত্র সংসদ (জেএমআইএসইউ)। তা ফের চালুর দাবিতে ১২ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে অনশন বিক্ষোভ করে বাম ছাত্র সংগঠন আইসা। ছাত্র সংসদ চালু করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যাটেনডেন্স পলিসি সংশোধন করা, হস্টেলের পরিকাঠামো উন্নয়ন-সহ একাধিক দাবিতে সরব পড়ুয়ারা।