‘The Meg’-এর প্রযোজক-সাহিত্যিক কেন অ্যাচিটি প্রয়াত, বয়স হয়েছিল ৮২ - 24 Ghanta Bangla News
Home

‘The Meg’-এর প্রযোজক-সাহিত্যিক কেন অ্যাচিটি প্রয়াত, বয়স হয়েছিল ৮২

Spread the love

বিনোদন এবং বইয়ের দুনিয়ায় নক্ষত্রপতন। প্রখ্যাত হলিউড প্রযোজক, গ্রন্থকার ও লিটারারি ম্যানেজার কেন অ্যাচিটি প্রয়াত। বয়স হয়েছিল ৮২ বছর। গত সোমবার লস অ্যাঞ্জেলসের সেডার্স-সিনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন থাকাকালীন কিডনি বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক ও প্রডিউসিং পার্টনার চি-লি ওং ‘দ্য হলিউড রিপোর্টার’-কে আনুষ্ঠানিক ভাবে এই খবর জানিয়েছেন।

সিনেমাপ্রেমীদের কাছে কেন অ্যাচিটি বিশেষ ভাবে পরিচিত ২০১৮ সালের ব্লকবাস্টার ব্ল্যাক-কমেডি ও থ্রিলার ‘দ্য মেগ’-এর জন্য, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন জেসন স্ট্যাথাম। জন টার্টেলটব পরিচালিত এই বিশাল বাজেট ও সাফল্যের পরে ২০২৩ সালে মুক্তি পাওয়া এর সিক্যুয়েল ‘দ্য মেগ ২: দ্য ট্রেঞ্চ’-এরও প্রযোজনা করেছিলেন তিনি। তবে কেবল হাঙরের থ্রিলারেই তিনি সীমাবদ্ধ ছিলেন না। তাঁর প্রযোজনায় তৈরি হয়েছে, টিম অ্যালেন অভিনীত ২০০১ সালের পারিবারিক কমেডি ‘জো সামবাডি’।

ম্যাগি জিলেনহল অভিনীত ২০১১ সালের পিরিয়ড ড্রামা ‘হিস্টেরিয়া’। অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ২০০২ সালের রোমান্টিক কমেডি ‘লাইফ অর সামথিং লাইক ইট’। জিয়ানকার্লো এস্পোসিটো পরিচালিত ২০০৮ সালের ছবি ‘গসপেল হিল’। এ ছাড়া ১৯৮৯ সালের জনপ্রিয় টিভি মুভি ‘দ্য অ্যামিটিভিল হরর: দ্য ইভিল এস্কেপস’ এবং ২০১০ সালের ডকুমেন্টারি ‘দ্য কেনেডি ডিটেইল’-এর পিছনেও ছিল তাঁর অবদান। ‘শেডস অফ লাভ’ ব্যানার থেকে তাঁর হাত ধরে তৈরি হয়েছিল ১৬টি রোমান্টিক টেলিফিল্ম, যা বিশ্ব জুড়ে সম্প্রচারিত হয়েছিল।

রুপোলি পর্দার বাইরেও অ্যাচিটির পরিচয় ছিল একজন প্রভাবশালী লেখক ও সাহিত্য গুরু হিসেবে। তিনি নিজে ২০টিরও বেশি বই লিখেছেন। নতুন লেখকদের বই যাতে আন্তর্জাতিক পাবলিশিং হাউস, ফিল্ম স্টুডিয়ো এবং টেলিভিশন প্ল্যাটফর্মে জায়গা পায়, তার জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন ‘স্টোরি মার্চেন্ট বুকস’ নামক বিশেষ প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *