বুড়িমার দর্শনে জনস্রোত, চোরবাগানের পুনরাবৃত্তি ঠেকাতে কতটা প্রস্তুত কৃষ্ণনগর?
নিলয় ভট্টাচার্য
দুর্গাপুজো মিটতেই এ বার কালীপুজোর প্রস্তুতি শুরু। আর তার পরেই জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর কথা সকলেরই জানা। হাজার হাজার মানুষের ভিড় পুজো মণ্ডপগুলিতে। গত কয়েক বছরে ক্রমাগত ভিড় বেড়েছে কৃষ্ণনগরে। সকাল-বিকেল-সন্ধে-মাঝরাত, প্যান্ডেলে প্যান্ডেলে শুধুই মানুষের ভিড়। অঞ্জলি থেকে ঘট বিসর্জন, বিসর্জনের শোভাযাত্রা— কৃষ্ণনগরের রাস্তায় তিল ধারণের জায়গা থাকে না। যে কোনও মুহূর্তে পদপিষ্টের ঘটনা ঘটে যেতে পারেই বলেই মত অনেকের। দুর্গাপুজোয় কলকাতার চোরবাগানে যে ঘটনা ঘটল, তার পর অনেকেরই মনে উদ্বেগ। এত ভিড়, ম্যানেজ করতে পারবে তো পুজো কমিটি? কয়েকটি পুজো কমিটির রাশ এ বার নতুন লোকের হাতেও। সমস্যা হবে না তো? জেলায় কর্মরত একাধিক প্রাক্তন পুলিশ কর্তাও মানছেন, কৃষ্ণনগরে ওই সময়টা যেকোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে।