ইতিহাস গড়লেন ১৮-র অনাহত, প্রথম ভারতীয় হিসেবে গোল্ড ইভেন্টের সেমিতে
স্কোয়াশে আন্তর্জাতিক মঞ্চে একের পর এক চমক দিচ্ছেন ভারতের অনাহত সিং। বৃহস্পতিবার আটবারের বিশ্বসেরা নূর এল শেরবিনিকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছিলেন তিনি। এ বার নজর কাড়লেন শেষ আটের ম্যাচে। সিলিকন ভ্যালি ওপেন ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে মিশরের সালমা হানিকে হারিয়ে নজির গড়লেন ১৮ বছরের তরুণী। পিছিয়ে পড়েও করলেন দুরন্ত কামব্যাক। পাঁচ গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪-১১, ১১-৮, ৪-১১, ১১-২, ১১-৫ ব্যবধানে জিতে সেমিতে জায়গা পেলেন অনাহত। গড়লেন নয়া ইতিহাস। প্রথম ভারতীয় হিসেবে পৌঁছলেন PSA গোল্ড পর্যায়ের কোনও প্রতিযোগিতার সেমি ফাইনালে।