ভারতের সামনে খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ, প্রকাশ্যে বিশ্বকাপের সূচি, কবে শুরু?
কোথায় আয়োজিত হবে বিশ্বকাপ?
২০২৭ সালের অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও নেপাল। ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। মোট ১৬টি দল অংশ নেবে। চারটি গ্রুপে ভাগ করা হবে তাদের। গ্রুপ পর্ব শেষ হলে সুপার সিক্স, সেমি ফাইনাল ও ফাইনাল খেলা হবে। চট্টগ্রাম, সিলেট ও কাঠমান্ডুতে মোট চারটি ভেন্যুতে খেলা হবে বিশ্বকাপের ৪১টি ম্যাচ।
বিশ্বজয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ভারত
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত প্রথম অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এর পরে ২০২৫ সালে মালয়েশিয়ায় দ্বিতীয় সংস্করণেও খেতাব জেতে ভারতীয় দল। নিকি প্রসাদের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে খেতাব ধরে রেখেছিল ভারত। এ বার টানা তৃতীয় বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে ভারতীয় দল।