Balurghat: অফিসে ঢুকে সরকারি কর্মীদের জুতোপেটা করতে উদ্যত! দুর্গাপুজোকে ঘিরে ভয়ঙ্কর অভিযোগ | Durga Puja Donation Row: Club Members Accused of Threatening Government Employees in Balurghat
সরকারি দফতরে হুজ্জুতিImage Credit: TV9 Bangla
বালুরঘাট: দুর্গাপুজোর দাবিমত চাঁদা না পাওয়ায় সরকারি দফতরে গিয়ে কর্মীদের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি এবং এক কর্মীকে জুতো খুলে মারতে উদ্যত হওয়ার অভিযোগ উঠল স্থানীয় একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাটের চকভবানী এলাকার জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের অফিসের। এমন ঘটনায় সরকারি দফতরের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এমনকি নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে দফতরের পক্ষ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযোগ ওঠা ওই ক্লাব কর্তৃপক্ষ। দফতরের কর্মীদের অভিযোগ, পুজোর চাঁদা আদায়ের জন্য এদিন দুপুরে পাশের একটি ক্লাবের সদস্যরা অফিসে আসেন। ক্লাবের দুর্গাপুজোর জন্য দাবি মতো চাঁদা না দেওয়াতেই কর্মীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। কথা কাটাকাটির মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, এক সরকারি কর্মীকে ধাক্কাধাক্কি করা হয়। এমনকি জুতো খুলে তাঁকে মারধর করারও চেষ্টা করেন ক্লাবের সদস্যরা। এই ঘটনায় অফিসের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। তবে পুলিশ পৌঁছনোর আগেই ক্লাবের সদস্যরা সেখান থেকে চলে যান। পরে ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দফতরের আধিকারিকরা।
দফতরের এক কর্মীর বক্তব্য, “দুর্গাপুজোর চাঁদা আদায়ের নামে সরকারি অফিসে ঢুকে এভাবে চাপ সৃষ্টি করা এবং কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার কোনওভাবেই কাম্য নয়। অন্যদিকে, সরকারি কর্মীদের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।”