ধানখেতেই ফ্যাশন রানওয়ে! Ei Samay
বাস্তব আর স্বপ্নের লড়াই
নিশান্তের বয়স ২৪ বছর। ঝাড়খণ্ডের সিমডেগা জেলার অঘরমা গ্রামের বাসিন্দা তিনি। কৃষিকাজ তাঁর জীবনের বাস্তবতা, আর ফ্যাশন তাঁর স্বপ্নের জানলা। তাঁর ইনস্টাগ্রাম রিলসের বিশেষত্ব হলো, এখানে ফ্যাশনের জন্য কোনও বিলাসবহুল লোকেশনের প্রয়োজন পড়ে না। কাদামাখা ধানখেত, মাটির বাড়ি, উঠোন, গাছপালা, নদীর ধার কিংবা গ্রামের রাস্তা— এই পরিচিত পরিবেশই হয়ে ওঠে তাঁর নিজস্ব ফ্যাশন রানওয়ে। তাতেই ভাইরাল একের পর এক ভিডিয়ো।
এমনই একটি ভাইরাল ভিডিয়োয় প্রথমে দেখা যায় একেবারে সাধারণ দৃশ্য। খালি পায়ে ধানখেতে হাঁটছেন নিশান্ত, হাতে বীজ ছড়ানোর ঝুড়ি। পরনে সামান্য পোশাক, চারদিকে গ্রামের চেনা প্রকৃতি। এরপরই বদলে যায় দৃশ্য। কখনও নীল শার্ট ও ব্যাগি ট্রাউজার্স, কখনও সাদা শার্ট, টাই ও বুট, আবার কখনও কালো স্যুটে ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে নিশান্ত। এই রূপান্তরই মুগ্ধ করেছে অসংখ্য দর্শককে। ইতিমধ্যেই তাঁর একটি রিলস ১ কোটিরও বেশি ভিউ পেয়েছে।
বেঁচে থাকার লড়াইয়ের মাঝেও ভুলে যায়নি স্বপ্নকে
নিশান্তের জীবন অবশ্য শুধু ফ্যাশনের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দায়িত্ব আর লড়াই। পরিবারের কৃষিকাজে যুক্ত হওয়ার পাশাপাশি নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন তিনি। বাবার গুরুতর অসুস্থতার পর পরিবারের দায়িত্বও বেড়ে যায়। তবু নিজের সৃজনশীল ইচ্ছাকে একেবারে হারিয়ে যেতে দেননি। আলমারিতে থাকা পোশাক নতুন ভাবে সাজিয়ে, নিজেই লুক তৈরি করে ভিডিয়ো বানানোর ভাবনা থেকে শুরু হয় তাঁর এই যাত্রা।