PM Modi: ‘বিশ্বের যে সমাধানগুলি প্রয়োজন, তা আপনাদের কাছেই রয়েছে’, চেন্নাইয়ে জেন জি-দের বার্তা মোদীর | ‘You Have Solutions The World Needs’: PM Narendra Modi’s Outreach To Gen Z In Chennai
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
চেন্নাই: সিজেপি-র আন্দোলন ঘিরে শোরগোল নয়াদিল্লিতে। এই আবহে ফের জেন জি-দের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তামিলনাড়ুর চেন্নাইয়ে একটি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বলেন, বিশ্বের যে সমাধানগুলি অত্যন্ত প্রয়োজন, তা দেওয়ার ক্ষমতা রয়েছে তরুণ প্রজন্মের। এখনই সময়, তরুণরা যেন নিজেদের ভবিষ্যৎকে আরও বৃহত্তর পরিসরে দেখেন।
চেন্নাইয়ের নন্দামবাক্কমে চেন্নাই ট্রেড সেন্টারে জয়গোপাল গারোডিয়া হিন্দু বিদ্যালয় ম্যাট্রিকুলেশন উচ্চমাধ্যমিক স্কুলের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে রবিবার যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “উন্নত ভারত গড়ে তুলতে যে নতুন ভাবনা ও সমাধানের প্রয়োজন, তা শুধু ভারতের ভবিষ্যৎই গড়ে তুলবে না, গোটা বিশ্বের ভবিষ্যৎকেও প্রভাবিত করবে।”
এরপরই তরুণ প্রজন্মের উদ্দেশে মোদী বলেন, “আজ গোটা বিশ্ব সমাধানের খোঁজ করছে। আর সেই সমাধান দেওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে। আমি চাই, প্রত্যেক তরুণ-তরুণী নিজেদের ভবিষ্যৎকে এই বৃহত্তর পরিসরে দেখুন। কারণ, এটাই আপনাদের সময়। এটাই আপনাদের সুযোগ।”
নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, “আমি কাশীর প্রতিনিধি।” এরপরই তিনি তামিলের বিশিষ্ট কবি ভারতীয়ারের কথা উদ্ধৃত করেন। মোদীর কথায়, “ভারতীয়ারের শব্দ আমাদের নির্ভয়ে বাঁচতে অনুপ্রাণিত করে।” তরুণদের উদ্দেশে তাঁর পরামর্শ, “আমি এখানে উপস্থিত প্রত্যেককে বলব, নিজেদের নির্ভীক হওয়ার সুযোগ দিন। নিজেদের ভাবনা নিয়ে কাজ করুন। বড় স্বপ্ন দেখুন, অন্যভাবে চিন্তা করুন এবং নির্ভীক থাকুন।” প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারতে অফুরন্ত সুযোগ রয়েছে। এটাই আপনাদের সময়, এটাই আপনাদের সুযোগ। আমরা একসঙ্গে এই কাজ করে দেখাব।”
দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অধীনে পরিচালিত ভোটার তালিকার বিশেষ সংশোধন বা স্পেশাল রিভিশনের (SIR) বিরুদ্ধে ছাত্রছাত্রী ও তরুণদের বিক্ষোভ ঘিরে পুলিশের ধরপাকড় চলছে। সেই আবহেই মোদীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এর আগেও জেন জি’দের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। জেন জি’রা দেশের ভবিষ্যৎ, দেশের উন্নয়নে তাঁদের যে দরকার, সেই বার্তা দেন তিনি।