বন্দি করে যৌন নির্যাতন, প্রাণ বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ নির্যাতিতার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী থানা এলাকার নিউ শিবতলা রোডে। অভিযোগ, ষড়যন্ত্র করে কয়েকজন যুবক ওই তরুণীর বাড়িতে ঢুকে পড়ে। তারপর বাড়ির প্রধান দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে তাঁকে অবৈধভাবে বন্দি করে রাখে। নির্যাতিতার অভিযোগ, অভিযুক্তরা মিলে তাঁর সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করে এবং অশ্লীল আচরণ শুরু করে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং নিজের প্রাণ বাঁচাতে নির্যাতিতার কাছে আর কোনও উপায় ছিল না। নিজেকে বাঁচানোর মরিয়া চেষ্টায় তিনি বাড়ির দোতলা থেকে নিচে ঝাঁপ দেন। এই বিপজ্জনক ঝাঁপের ফলে তাঁর শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়। খবর পেয়েই বাঁশদ্রোণী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং গুরুতর আহত অবস্থায় নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।