‘কাল বেঁচে থাকব কি না জানি না…’, মৃত্যুর ৪ দিন আগে হঠাৎ কেন এ কথা বলেছিলেন নানা পাটেকর?
‘ক্যায়া পতা কাল হো না হো…’। মৃত্যুর ঠিক চার দিন আগের ঘটনা। নানা পাটেকরের মুখ থেকেই শোনা গিয়েছিল ঠিক এমনই কথা। রবিবার সকালেও মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন অভিনেতা। পরনে ধবধবে সাদা শার্ট। কপালে লাল তিলক। থিয়েটার প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতার বলেছিলেন, ‘সবাইকেই তো একদিন চলে যেতে হবে।’ মৃত্যুর পরে ভাইরাল হওয়া সেই ভিডিয়ো দেখে অনেকেই তাই বলছেন, এত তাড়াতাড়ি মুখের কথা সত্যি হয়ে যাবে, এমনটা কি আদৌ বুঝতে পেরেছিলেন নানা?
বৃহস্পতিবার সকালে অনেকেরই ঘুম ভেঙেছে দুঃসংবাদ দিয়ে। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পাটেকর। সূত্রের খবর, গোয়ায় নিজের বাড়িতেই মধ্যরাতে বুকে তীব্র ব্যথা অনুভব করেন অভিনেতা। তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ডোনা পাওলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
এই ঘটনার ঠিক চার দিন আগে ডোনা পাওলার এক থিয়েটার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নানা পাটেকর। ‘সম্রাট ক্লাব ইন্টারন্যাশনাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নানা বলেন, ‘এই পেশায় সবসময় নতুন কিছু সন্ধান করবে। কারণ, দর্শকও নিত্যনতুন বিষয় পছন্দ করেন। নিজের নীতি না বদলে স্টাইল বজায় রাখলে একটা সময় দেখবে বাকিরাও তোমার কথা মনে করছে।’
থিয়েটারের প্রসঙ্গের পাশাপাশি জীবন বোধ নিয়ে নানা পাটেকর বলেন, ‘সকলকেই একদিন চলে যেতে হবে। জানি না এই দুনিয়ায় থাকব কি না। সবার জীবনেই একটা সময়ে এই চূড়ান্ত পরিণতি আসে। কিন্তু তার আগে নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা যা করতে চেয়েছিলাম, সেটা কি আদৌ পেরেছি? তবে কেন এই পৃথিবীতে এলাম? কী উদ্দেশ্য আমাদের জীবনের? আমাদেরও তো এই সমাজের জন্য কিছু ফিরিয়ে দেওয়া উচিত, তাই না?’
VIDEO | Goa: Actor Nana Patekar attended and addressed the Samraat Club International installation ceremony in Dona Paula.
(Full video available on PTI Videos – https://t.co/d8jp61yd2p) pic.twitter.com/jl8xn9vXOk
— Press Trust of India (@PTI_News) October 4, 2026
অভিনেতার মৃত্যুর খবর ছড়ানোর দিন চারেক আগের এই ভিডিয়ো এখন নেটদুনিয়ায় ভাইরাল। যেখানে নানার মন্তব্য শুনে অনেকেরই মনে হচ্ছে, তিনি যেন আগেই এই অশনি সঙ্কেতের আভাস পেয়েছিলেন?