Gyanesh Kumar: খোঁজ মিলে গিয়েছে বাসভবনের! শেষমেশ জ্ঞানেশ কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের | Gyanesh Kumar’s Z+ Security Upgraded Amid SIR Protests, Extra Security Deployed
নয়া দিল্লি: দেশ জুড়ে বিক্ষোভের মাঝে আরও নিরাপত্তা বাড়ল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। জেড প্লাস নিরাপত্তার বহর আরও জোরদার করল কেন্দ্রীয় সরকার। মুখ্য নির্বাচন কমিশনারের বাসভবনের বাইরে নির্বাচন কমিশনের কার্যালয়ে ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
রাজনৈতিক স্তরে বিতর্ক ও দেশের বিভিন্ন প্রান্তে বিরোধীদের টানা বিক্ষোভের মাঝে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল কেন্দ্র। তিনি ইতিমধ্যেই ‘জেড প্লাস’ (Z+) ক্যাটাগরির নিরাপত্তা পান, তবে বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সেই নিরাপত্তা বলয়কে আরও বিস্তৃত করা হয়েছে।
সম্প্রতি দিল্লির নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এবং মুখ্য নির্বাচন কমিশনারের বাসভবন চত্বরে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি তৈরি হয়। সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখে তাঁর ব্যক্তিগত সুরক্ষার পাশাপাশি দিল্লির সরকারি বাসভবন ও কমিশন কার্যালয়ে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী ও দিল্লি পুলিশ মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশনের কার্যালয় ও আবাসন চত্বরে সিআইএসএফ (CISF), সিআরপিএফ (CRPF) ও র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)-এর অতিরিক্ত জওয়ানরা দিনরাত পাহারায় নিযুক্ত রয়েছেন। সার্বিক নিরাপত্তার স্বার্থে ২৪ ঘণ্টাই সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে পুলিশের এক উচ্চপদস্থ অফিসার হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বিক্ষোভকারীরা তাঁর বাসভবন খুঁজে পেয়ে গিয়েছিলেন। আগ্রায় তাঁর বাসভবনের বাইরে আরও একটি বিক্ষোভ কর্মসূচি হয়েছিল। আমাদের যাবতীয় ঝুঁকি খতিয়ে দেখতে হয়েছে। সেইমতো নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাঁর বাড়ির সামনে কয়েকটি পিকেটও বসানো হয়েছে।’