শেয়ার বাজারকে পাতালে টানছে কোন শক্তি?
সঞ্জয় মুখোপাধ্যায়
ভয়ঙ্কর করোনা কালকেও ছাপিয়ে গেল। ভারতীয় শেয়ার বাজারে ‘নিফটি ৫০’ কমল প্রায় ৬.৩ শতাংশ। পর পর আট সপ্তাহ ধরে একটানা পতন। এমন নজির গত দুই দশকে নেই। শেয়ারের দাম আরও কমবে, তারও ইঙ্গিত জোরালো। হঠাৎ কী এমন হলো?
ইরান-মার্কিন যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ব জুড়ে শেয়ার বাজারে দাম পড়ছিল। ব্রেন্ট ক্রুড অয়েল-এর দাম ১০০ ডলার পেরিয়েছে অনেক আগেই। এখন তা ১৩০ মার্কিন ডলার ছুঁইছুঁই। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ সারা বিশ্ব-অর্থনীতিতে মুদ্রাস্ফীতির হার বাড়ছে। এমত অবস্থায় বিশ্বের সব প্রধান শেয়ার বাজারে লেগেছে ধাক্কা, কারণ জ্বালানির দাম বৃদ্ধি ও তজ্জনিত মুদ্রাস্ফীতির ফলে কর্পোরেট মুনাফা কমবে, এমন আশঙ্কা প্রবল। আন্তর্জাতিক লগ্নি তাই খুঁজছে তুলনায় নিশ্চিত বিকল্প লগ্নির ঠিকানা। ইরান যুদ্ধের শুরু থেকেই সোনা ও রুপোর দাম কমতির দিকে। বড় লগ্নি তাই ঝুঁকছে মার্কিন সরকারি বন্ডের দিকে, যা ডলার বা সোনায় বিনিয়োগের মতোই তুলনামূলক ভাবে নিরাপদ। শেয়ারের গড় রিটার্নের চাইতে বন্ড রেট বা সোনার দাম বাড়লে শেয়ার বিক্রি করে সেই বিনিয়োগ তুলনামূলক লাভের হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এটাই নিয়ম। বিশ্ব পুঁজি এখন সেটাই করছে। ১০ বছর মেয়াদি মার্কিন বন্ডে লগ্নি করতে তাই তারা বিভিন্ন দেশের শেয়ার বাজার থেকেই শেয়ার বিক্রি করে লগ্নি ঘরে তুলে নিচ্ছে। সহজ হিসেব, বর্তমান পরিস্থিতিতে সেই অর্থ মার্কিন বন্ডে বিনিয়োগ করলে কমপক্ষে গড়ে ২-৩ শতাংশ বেশি হারে লাভ পাওয়া নিশ্চিত।
ট্রাম্প প্রশাসনের নীতি, এবং তার পরিণতিতে মার্কিন অর্থনীতির বর্তমান হাল এই অবস্থা সৃষ্টি করেছে। বিশ্বের সব উন্নত দেশেই বন্ড রেট মোটামুটি দুই থেকে তিন শতাংশের মধ্যে ঘোরাফেরা করে। মার্কিন বন্ডের সুদের হার বেড়ে গেছে মাত্রাতিরিক্ত। আসলে ইরানের যুদ্ধ ট্রাম্প-কে সাপের ছুঁচো গেলার মতো অবস্থায় ফেলেছে। যুদ্ধ যত দীর্ঘ ও পরিস্থিতি যত জটিল হচ্ছে, মার্কিন সামরিক খাতে ততই খরচ বাড়ছে। রেকর্ড পরিমাণ ঘাটতির মুখে পড়েছে মার্কিন অর্থনীতি। বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ বাড়াতে চাইছে ট্রাম্প প্রশাসন। তাতেই মার্কিন বন্ডে ১০ বছর মেয়াদি লগ্নিতে সুদের হার বাড়িয়ে করা হয়েছে ৫.২ শতাংশ। ২০০৪ সালের পর সরকারি বন্ডে এত বেশি হারে সুদ কখনও সে দেশে হয়নি। ১০ বছর আগে যে বন্ডের উপর রিটার্ন ২ শতাংশ পেরোত না, এখন সেটাই ৫.২ শতাংশ। যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ফের এই রেট আরও বাড়াতে বাধ্য হবে ফেডারেল রিজ়ার্ভ, এমনই বক্তব্য অর্থনীতিবিদদের।
ভূ-রাজনৈতিক উত্তেজনা, মুদ্রার মূল্য হ্রাস আর তেলের দাম বৃদ্ধি থেকে মুদ্রাস্ফীতি বৃদ্ধির মতো ঘটনা ঘটলে স্বাভাবিক ভাবেই শেয়ার থেকে আয় কমে, ফলে শেয়ারের বিক্রি বেড়ে যায়। শেয়ারবাজারে লাগে ধাক্কা, একই সূত্রে একই সঙ্গে চাঙ্গা হতে থাকে বন্ডের বাজার। আর্থিক জগতের এটাই স্বাভাবিক প্রবণতা।
এতেই এ বার অস্বাভাবিক তৎপরতা দেখা দিয়েছে। শেয়ার বিক্রিতে আগুন। ঘি ঢেলেছে আন্তর্জাতিক মুদ্রাভাণ্ডার, ওরফে আইএমএফ। সম্প্রতি তারা রীতিবহির্ভূত ভাবে বিবৃতি দিয়ে জানিয়েছে যে, ‘বন্ডের বাজার খুব নিয়ম মাফিক ভালো কাজ করছে’। এটা স্পষ্টতই মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা করে দেবে। বাকি সব দেশের বাজারের কর্তাদের বক্তব্য— তা হলে আইএমএফ কী চায়, আন্তর্জাতিক অর্থ লগ্নি সংস্থাগুলি এর পর শেয়ার বিক্রি করে মার্কিন বন্ডে বিনিয়োগ করুক? বিশ্ব জুড়ে শেয়ারের ভবিষ্যৎ কি এতটাই দুশ্চিন্তার? এর পরেই জাপান থেকে জার্মানি, সব উন্নত দেশের শেয়ার বাজারে বিক্রির হিড়িক, একই সঙ্গে নানা দেশের সরকারি বন্ডে বিনিয়োগের ঝোঁক বেড়ে গেছে রাতারাতি।
বিশ্বের অন্যান্য শেয়ার বাজারের তুলনায় ভারতের শেয়ার বাজারে পতনের হার আরও অনেক বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের মতো বাজারগুলোতে কিন্তু তেমন কোনও চাপ তৈরি হয়নি। সেগুলি লাভজনক অবস্থানে রয়েছে। বিশ্বের অগ্রণী শেয়ার বাজারগুলোর নিরিখে ভারতীয় বাজারের অবস্থা সব থেকে খারাপ। ভারতে (নিফটি) ২০ শতাংশেরও বেশি পতন ঘটেছে। অথচ মার্কিন শেয়ার বাজারে (এসঅ্যান্ডপি ৫০০) সূচক বাড়ছে। দক্ষিণ কোরিয়ায় (কসপি) সূচকের প্রায় ৭৭.৬ শতাংশ বৃদ্ধি, তাইওয়ানে (তাইএক্স) প্রায় ৫৮ শতাংশ বৃদ্ধি, জাপানে
(নিক্কেই ২২৫) প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি হয়েছে।
ভারতে ইরান-মার্কিন যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে জিনিসের দাম, ক্রমাগত ডলারের তুলনায় টাকার দামের পতন ঘটেছে। ফলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে পুঁজি তুলে নেওয়ার মতো নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। টাকার দাম কমেছে প্রায় ৩.৬ শতাংশ। ভারতের শেয়ার বাজারে গত ২৫ বছর থেকে ১০ বছরের রোলিং রিটার্নের হার গড়ে ১০ শতাংশ। সাকুল্যে মুদ্রাস্ফীতি ও টাকার বিনিময় মূল্যের পতন ধরলে নিফটি যা নিট রিটার্ন দেবে, তার থেকে বেশি রিটার্ন দেবে মার্কিন বন্ড। তা ছাড়া টাকার তুলনায় ডলারের মূল্য তো বেড়েই চলেছে, তাই ভারতের বাজারের থেকে টাকা তুলে এখন মার্কিন বন্ডে বিনিয়োগ করা লাভজনক এবং সুনিশ্চিত গ্যারান্টিযুক্ত। এই সুযোগ পেয়েছে অর্থ লগ্নি সংস্থাগুলি। তাই হুড়মুড় করে ভারতের বাজারে শেয়ার বেচে তারা সেই অর্থ মার্কিন বন্ডে বিনিয়োগ করছে। অন্য উন্নত দেশেরও প্রবণতা তেমনই। তারাও বন্ডে সুদ বৃদ্ধি করে ক্রমশ বন্ড-কে আকর্ষণীয় করে তুলেছে। বলা যায়, বন্ডের সম্ভাব্য আকর্ষণীয় রিটার্নের হাতছানিতে শেয়ার তার আকর্ষণ হারাচ্ছে। থুবড়ে পড়েছে।
প্রশ্ন হলো, ভারতের শেয়ার বাজারে ধাক্কাটা তুলনায় এতটা বেশি কেন? কারণ, অন্য প্রধান অর্থনীতিগুলির তুলনায় ভারতের অর্থনীতিতে ক্রমবর্ধমান ঘাটতি ও ঋণের পরিমাণ বৃদ্ধি। পরিস্থিতি সামাল দিতে রিজ়ার্ভ ব্যাঙ্কের মুনাফা তুলে ঘাটতি মেটাতে গিয়ে টাকার দামের পতন ঠেকাতে রিজ়ার্ভ ব্যাঙ্ককে বেশির ভাগ সময়ে হাত গুটিয়ে থাকতে হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির প্রতিকূল অবস্থার চাপে জ্বালানির দাম চোকাতে গিয়ে ডলারের সঞ্চয় কমেছে। মুদ্রার হার বজায় রাখতে বাজারে যথেষ্ট ডলার কেনার মজুত ভাণ্ডার নেই, টাকার দাম লাগাতার কমেছে। যত বেশি কমছে, বিদেশি লগ্নি সংস্থাগুলির কাছে ভারতের শেয়ারের তুলনায় মার্কিন বন্ডে বিনিয়োগ তত আকর্ষণীয় হয়েছে। ফলে ভারতের বাজার থেকে বিদেশি লগ্নি সংস্থাগুলি ঝড়ের মতন বিনিয়োগ তুলে নিয়ে গেছে এবং এখনও চলে যাচ্ছে। গত সেপ্টেম্বর মাসে বিদেশি অর্থ লগ্নি সংস্থাগুলি ৩৬ হাজার কোটি টাকার শেয়ার বেচে তুলে নিয়ে গেছে। চলতি মাসের প্রথম দিন বিক্রি করেছে আরও সাড়ে ৯ হাজার কোটি টাকার শেয়ার।
২০২৬ সালের প্রথম ন’মাসেই প্রায় ৩ লক্ষ কোটি টাকার বেশি তুলে নেওয়া হয়েছে, যা রেকর্ড। বিদেশি লগ্নি সংস্থাগুলি এ ভাবে শেয়ার বিক্রি করতে থাকলে ভারতে শেয়ারের দাম আরও চাপে পড়বে। নিফটি কতটা নীচে পৌঁছবে, আর কত দিন এমন পরিস্থিতি চলবে সেটা নির্ভর করবে রিজ়ার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি, সুদের হার ও দেশীয় লগ্নি সংস্থাগুলির সম্ভাব্য বিনিয়োগের উপর। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা চিনের দিকে ঝুঁকছে চিন সরকারের নতুন আকর্ষণীয় অর্থনৈতিক প্যাকেজের কারণে। ভারতে শেয়ার বাজারের একটা বড় সমস্যা হলো, ওভারভ্যালুয়েশন অর্থাৎ কোম্পানিগুলির প্রকৃত আয়ের নিরিখে অনেক বেশি তাদের শেয়ারের বাজার-মূল্য। কাজেই কোনও কারণে বিরূপ পরিস্থিতি তৈরি হলে লগ্নিকারীরা হুড়মুড় করে বেচতে শুরু করে। মুনাফা তুলে নেয়। তাতে বাজারকে আরও গভীরে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। ফাটকা লগ্নির প্রাবল্য কমিয়ে এই সমস্যা থেকে বাজারকে মুক্ত করতে ভাবতে হবে সেবি-কে। এ সবের কারণেও দাম পড়ছে হুহু করে। বাজারের টেকনিক্যাল বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে, নিফটি ৫০-এর ৫০ দিনের ও ২০০ দিনের চলমান গড় ক্রমশ কমতে থাকা মূল্যের ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ বাজার আরও পড়বে, এমন আশঙ্কাই প্রবল।
এরই মধ্যে চলতি এপ্রিল-জুনে ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধির হার ঘোষণার পর জুলাই-অগস্টে দেশের আর্থিক কর্মকাণ্ড ফের ৮ শতাংশ বৃদ্ধির হার ছুঁয়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান মন্ত্রক। সেপ্টেম্বরের শেষে উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধির হার ৯ শতাংশ। এই সূচকগুলো প্রমাণ করে ভারতীয় অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। তাই শেয়ার বাজারের এই চলমান পতনের পরেও বাজার নিজের শক্তিতে ঘুরে দাঁড়াতে পারে, তার লক্ষণ দেখা যাচ্ছে। মার্কিন শুল্ক নিয়ে অনিশ্চয়তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিল্প বিনিয়োগে পিছিয়ে থাকার জন্য সমস্যা আছে। তবে সম্প্রতি রিজ়ার্ভ ব্যাঙ্ক যে তথ্য প্রকাশ করেছে, সেটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক ঋণের তীব্র হারে বৃদ্ধি ঘটেছে। গত এক বছরে তা ১০ শতাংশের বেশি বেড়ে গেছে। এর অধিকাংশ ব্যাঙ্কগুলি দিয়েছে শিল্প ঋণ হিসেবে। ১৯টির মধ্যে ১০টি ক্ষেত্রে দশ শতাংশের বেশি বৃদ্ধির হার সূচিত হয়েছে বলে জানাচ্ছে আইএসপি ডাটা (ইনডেক্স অফ সার্ভিসেস প্রোডাকশন)। এই তথ্যই প্রমাণ করে যে বাজার ঘুরে দাঁড়াতে পারে।
ভারতের শেয়ার বাজারের অন্যতম সেরা বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, অর্থনীতির গতি যদি বৃদ্ধিমুখী থাকে, তা হলে শেয়ার বাজার সাময়িক ধাক্কা সামলে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীর হাতে ভালো রিটার্ন তুলে দিতে পারে। তাই দীর্ঘমেয়াদে অর্থনীতির বুনিয়াদ এবং তার অভ্যন্তরীণ কর্মকাণ্ডের গতি বৃদ্ধির উপরেই শেয়ার বাজারের ভবিষ্যৎ নির্ভর করে। যুদ্ধ পরিস্থিতি বা জ্বালানি সঙ্কটের সাময়িক সমস্যা মিটে গেলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা যে তাদের রিটার্ন পাবে, সেই আস্থা রেখেই ভারতের ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের নিয়মিত এসআইপি মাধ্যমে বিনিয়োগ অব্যাহত রেখেছে। সব থেকে আশার খবর এটাই। রিজ়ার্ভ ব্যাঙ্কের সমীক্ষায় দেখা যাচ্ছে, ২০৩৫-এর মধ্যে দেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীর সংখ্যা আরও ১০ কোটি বাড়বে, ছোট শহরগুলি থেকেই ৭০ শতাংশ বিনিয়োগকারী উঠে আসছে যাদের বয়স ৩০-এর নীচে। দেশে আগামী দিনে আর্থিক নীতি কী হবে, তার উপরে নির্ভর করছে শেয়ার বাজারের গতি। সুদ বৃদ্ধি, না কি একই হারে সুদ? সব দেশেই বন্ডের উপর সুদের হার বাড়ছে। ভারতেও সেটাই হয়তো হতে চলেছে। তার চাপ দেশের শেয়ার বাজার কতটা নিতে পারবে, এর উত্তর নিহিত সরকারের আর্থিক ও সামগ্রিক নীতিতে।
লেখক অর্থনৈতিক বিশ্লেষক