স্কুলের ক্লাসঘরেই সংসার প্রধান শিক্ষকের, বিক্ষোভ
এই সময়, চন্দ্রকোণা: স্কুল থেকে বাড়ির দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। তবু বাড়ি যেতেন না তিনি। অভিযোগ, একটি ক্লাস ঘরকে নিজের ঘর বানিয়ে সেখানেই থাকতেন প্রধান শিক্ষক। শুধু তাই নয়, স্কুল থেকে মিড ডে মিলের চাল বিক্রির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। স্কুলের ঘর দখল করে কী ভাবে এক প্রধান শিক্ষক দিনের পর দিন থাকেন, তা নিয়ে বহু আগেই প্রশ্ন তুলেছেন গ্রামবাসী। রবিবার রাতে স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। চন্দ্রকোণা-২ ব্লকের বান্দিপুর ১ পঞ্চায়েতের ঝাঁকরা হাইস্কুলের ঘটনা। পুলিশ এসে ওই প্রধান শিক্ষককে উদ্ধার করে বাড়ি পাঠান।