SIR বিতর্কে ECI-এর রেকর্ড তলব সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে,…
নয়াদিল্লি: একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে সিইসি-কে সাসপেন্ড করার মতো কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া সম্ভব নয়। তবে বিতর্কের কেন্দ্রে থাকা ‘ফর্ম ৬’ (Form 6) সংক্রান্ত পরিবর্তন সহ নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের সমস্ত রেকর্ড বা নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।
সম্প্রতি এক জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর মত বা সম্মতি ছাড়াই গত ১০ মাসে অন্তত ১৪ বার এককভাবে বিভিন্ন নির্দেশ জারি করেছেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) সংক্রান্ত কাজ, নতুন নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়া নিয়ে কমিশনের অন্দরেই আপত্তির কথা সামনে আসে। এই খবরের পরই পাটনার বাসিন্দা রাকেশ কুমার সিং সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। যেখানে অভিযোগ করা হয়, সাংবিধানিক ও আইনি কাঠামোকে বুড়ো আঙুল দেখিয়ে সিইসি একতরফাভাবে কাজ করছেন। তাই তাঁকে অবিলম্বে বরখাস্ত করা হোক।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও প্রশ্ন
এ দিন প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্ত এবং বিচারপতি জয়মালা বাগচী ও ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিমঞ্চে প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় জানান, সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে সরাসরি কোনো বড় নির্দেশ দেওয়া সম্ভব নয়। আদালত খতিয়ে দেখতে চায় যে সিদ্ধান্তগুলি সত্যিই একতরফা নেওয়া হয়েছিল নাকি সংখ্যাগরিষ্ঠের মত বা সর্বসম্মতির ভিত্তিতে গৃহীত হয়েছিল।
প্রধান বিচারপতি বলেন, “রেকর্ড আসার পর আমরা দেখতে চাই ‘ফর্ম ৬’ কে পরিবর্তন করেছেন। যদি সেখানে সর্বসম্মতি না থাকে, তবে সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হওয়া উচিত, অন্যথায় সেই সিদ্ধান্ত খারিজ করা হতে পারে। তবে এর জন্য আমাদের নির্বাচন কমিশনের সম্পূর্ণ জবাব ও তথ্যের জন্য অপেক্ষা করতে হবে।” আবেদনকারীর আইনজীবী বিকাশ সিং দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়ে বলেন, অন্যথায় দেশের পরিস্থিতি খারাপ হতে পারে। জবাবে প্রধান বিচারপতি জানান, নির্বাচন প্রক্রিয়া বা নিয়োগে যদি কোনো বড় আইনি ত্রুটি বা বেআইনি কাজ প্রমাণিত হয়, তবে আদালত প্রয়োজনমতো তার ফলাফল বাতিল করার ক্ষমতা রাখে।
কমিশনের বক্তব্য
এর আগে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রকাশ্যে আসার পর নির্বাচন কমিশন (ECI) জানিয়েছিল যে, প্রাতিষ্ঠানিক আলোচনার ক্ষেত্রে মতপার্থক্য বা ভিন্ন মতামত থাকা খুবই স্বাভাবিক বিষয়। কমিশনের সমস্ত সিদ্ধান্ত ও নির্দেশ যথাযথ আইনি নিয়ম এবং সংবিধিবদ্ধ পদ্ধতি মেনে তবেই নেওয়া হয়েছে। আপাতত সুপ্রিম কোর্টের রেকর্ড তলব করার নির্দেশের পর এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।
মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা