কালুর শিংয়ের গুঁতোয় ত্রস্ত কাটোয়ার গ্রামবাসীরা - 24 Ghanta Bangla News
Home

কালুর শিংয়ের গুঁতোয় ত্রস্ত কাটোয়ার গ্রামবাসীরা

Spread the love

এই সময়, কাটোয়া: গায়ের রং কুচকুচে কালো। চেহারা দশাসই। রাস্তা জুড়ে চলছে তাণ্ডব। তাকে দেখলেই আতঙ্কে কুঁকড়ে যাচ্ছেন সাধারণ মানুষ। এলাকায় এ হেন ত্রাস সৃষ্টিকারি কোনও ব্যক্তি নন। সেটি আসলে খুব বড় আকারের একটি ছাগল। তার ভয়ে দুই গ্রামের বাসিন্দারা এই মুহূর্তে কার্যত ঘরবন্দি! কাটোয়ার ঘোড়ানাশ ও মুস্থুল গ্রামে সেই ছাগলের আক্রমণে গত কয়েক দিনে জখম হয়েছেন কমপক্ষে ২৫ জন৷ তার শিংয়ের গুঁতোয় এক বৃদ্ধা গুরুতর আহত। বর্ধমান মেডিক্যাল কলেজে সেই বৃদ্ধার অস্ত্রোপচারও করাতে হয়েছে।

কাটোয়া-২ ব্লকের জগদানন্দপুর পঞ্চায়েতের অধীন পাশাপাশি দু’টি গ্রাম ঘোড়ানাশ এবং মুস্থূল৷ কয়েক দিন ধরে গ্রামে কালু নামে একটি বড় আকারের ছাগলের অত্যাচার লাগামছাড়া হয়ে উঠেছে। পথে কোনও মানুষ দেখলেই সে শিং উঁচিয়ে গুঁতোতে ছুটছে। শিংয়ের গুঁতোয় অনেকেই ভালো মতো জখম হয়েছেন। কেউ বা হয়তো পথে নেমেছেন স্থানীয় মুদিখানা দোকান থেকে কিছু কিনতে। তিনিও শিকার কালুর আক্রমণের। অনেকে আবার বাজারে যেতে গিয়ে শিংয়ের গুঁতো খেয়ে ছুটেছেন ডাক্তারের কাছে! ভয়ে ছোট ছেলেমেয়েরা স্কুলে যাওয়া বন্ধ করেছে। নিরাপত্তার কারণে অনেকে সারা দিনই বাড়ির দরজা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।

স্থানীয় বাসিন্দা, বৃদ্ধা মালতি সাহা সেই কালুর শিংয়ের গুঁতোয় গুরুতর জখম। কোমরে প্রবল চোট পেয়েছেন। বর্ধমান মেডিক্যাল কলেজে অস্ত্রোপচারও করাতে হচ্ছে তাঁকে৷ আর এক ঝন্টু গুঁই বললেন, ‘গ্রামের রাস্তা ধরে যাচ্ছিলাম৷ ওই ছাগলটা পায়ে শি​ং দিয়ে এত জোরে গুঁতো দিয়েছে যে, তারা চিকিৎসা করাতে যেতে হচ্ছে ডাক্তারের কাছে। পায়ে প্রচণ্ড ব্যথা। একই ছবি মুস্থূল গ্রামেও। সেখানকার বাসিন্দা মঞ্জু গুঁই বলেন, ‘কয়েক দিন আগে নাতিকে নিয়ে দোকান গিয়েছিলাম৷ সেই সময়ে ওই ছাগলটা এত জোরে গুঁতো মারে যে, রাস্তায় নাতিকে নিয়ে পড়ে যাই। আমি জ্ঞানও হারিয়ে ফেলি।’ বিজয়কৃষ্ণ রায় নামে এক বৃদ্ধকেও কয়েক দিন আগে কালু গুঁতো মেরেছে৷ প্রশ্ন হলো, কালুর পরিচিতি কি? কে তার মালিক?

জানা গিয়েছে, ঘোড়ানাশ গ্রামের বাসিন্দা শ্যামল চট্টোপাধ্যায় পশুপালন করতেন৷ তাঁর বাড়িতে পাঁচ বছর আগে এই ছাগলের জন্ম। সাধ করে শ্যাল তার নাম রেখেছিলেন কালু৷ ছাগলটিকে মানত করা ছিল মা কালীর কাছে৷ পাঁচ বছর আগেই তাকে উৎসর্গ করে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছিল৷ পাশাপাশি দুই গ্রামেই অবাধ যাতায়াত রয়েছে কালুর। এখন তাঁর ওজন হয়েছে ১৫ কেজি৷ এমন ঘটনা শুনে স্তম্ভিত এক সময়ের মালিক শ্যামল। তিনি বললেন, ‘শুনেছি, গ্রামে অনেক মানুষকে এই ছাগলটি আক্রমণ করেছে৷ প্রতিদিন কাউকে না কাউকে গুঁতো মারছে৷ অনেকেই মারাত্মক ভাবে জখম হচ্ছেন৷ কিন্তু আমি কী করব! সব দেখে খুব খারাপই লাগছে৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *