এগরা মহকুমার পটাশপুরের রাজবাড়ির সাড়ে তিনশো বছরের পুজো
রাজপরিবারের বর্তমান সদস্য ফাল্গুনী দাস মহাপাত্র জানান, সময়ের সঙ্গে পর্যটকদের রুচির পরিবর্তন হচ্ছে। একঘেয়ে সমুদ্র, পাহাড়, জঙ্গল ছেড়ে প্রাচীন স্থাপত্য, ইতিহাসের প্রতি আগ্রহ বাড়ছে পর্যটকদের। বিশেষ করে এই রাজবাড়ির জলসাঘরের সঙ্গে খ্যাতনামা সব সঙ্গীতজ্ঞের নাম জড়িয়ে থাকায় সঙ্গীতপ্রেমীদের কাছে এর অন্য একটা আকর্ষণ রয়েছে। অনেক বিদেশি পর্যটকেরও আগ্রহ রয়েছে। পঁচেটগড়কে কেন্দ্র করে রয়েছে মোগলমারির মতো ঐতিহাসিক স্থান। ফলে এখানে এলে রাজবাড়ির ইতিহাস ছুঁয়ে দেখার পাশাপাশি কাঁথির কিশোরনগর গড়ের প্রাচীন দুর্গাপুজো, দিঘা-মন্দারমণি-তাজপুরের সমুদ্র সৈকতেও ঘুরে আসতে পারবেন পর্যটকেরা। পুজোর ক’দিন বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত পর্যটকদের রাজবাড়ি ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে পুজোর দিনগুলিতে পর্যটকরা ইচ্ছে করলে স্বাদ নিতে পারবেন মেদিনীপুরের বিখ্যাত গয়নাবড়ি, মাছের নানা ধরনের টক-সহ বিশেষ পদের। এ ছাড়াও রয়েছে পছন্দের খাবারের ব্যবস্থা।